চাঁদপুরে করোনা উপসর্গ নিয়ে গত ১২ ঘণ্টায় আরও তিন ব্যক্তির মৃত্যু হয়েছে। তাদের মধ্যে একজন চাঁদপুর সদর উপজেলার বড় সুন্দর গ্রামে, অন্যজন হাজীগঞ্জ পৌরসভার মকিমাবাদ গ্রামে এবং অপরজন মতলব দক্ষিণ উপজেলার উপাদী এলাকার বাসিন্দা। বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকালের মধ্যে তারা তিনজন মারা যান।
হাজীগঞ্জ পৌর যুবদলের সাবেক আহ্বায়ক আবদুল আউয়াল সর্দার শুক্রবার সকাল ৮ টা ৫০ মিনিটে জ্বর ও শ্বাসকষ্টে মারা যান। তিনি ৬ নং ওয়ার্ড মকিমাবাদ সর্দার বাড়ির বাসিন্দা।
বৃহস্পতিবার তার করোনা নমুনা সংগ্রহ করা হয়। তিনি হাজীগঞ্জ বাজারের একজন বিশিষ্ট ব্যবসায়ী ছিলেন। করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের আগ থেকেই তিনি শ্বাসকষ্টে ভুগছিলেন।
হাজিগঞ্জ পৌরসভার ৬ নং ওয়ার্ড কাউন্সিলর ও পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবু বকর ছিদ্দিক তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
অপরদিকে চাঁদপুর সদর উপজেলায় মাহবুবুল হক (৬০) নামে এক ব্যক্তি বৃহস্পতিবার রাতে করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন। তিনি উপজেলার রামপুর ইউনিয়নের বড় সুন্দর গ্রামের পাটওয়ারী বাড়ির বাসিন্দা। শুক্রবার সকালে তার স্যাম্পল নেয়া হয়েছে। বিশেষ ব্যবস্থায় দাফন করা হবে।
সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সাজেদা বেগম পলিন জানান, মৃত মাহবুবুল হকের করোনার লক্ষণ ছিল। অনেকদিন যাবৎ বাড়িতেই তিনি অসুস্থ অবস্থায় ছিলেন। এ ছাড়া আগে থেকেই তিনি এজমার রোগী ছিলেন।
এদিকে মতলব দক্ষিণ উপজেলায় আবদুল কুদ্দুছ (৫৫) নামের এক ব্যক্তি করোনা উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করেছেন। তিনি বৃহস্পতিবার রাতে উপজেলার উপাদী দক্ষিণ ইউনিয়নে নিজ বাড়িতে মারা যান। রাতেই তাকে দাফন করা হয়।
