সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ সায়েমুল হুদার স্বাক্ষর ও সিল নকল করে করোনা টেস্টের ভুয়া প্রত্যয়নপত্র বিক্রির দায়ে দুই ‘প্রতারক’ আটক হয়েছে। গত বৃহস্পতিবার রাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্র্তৃপক্ষ সাঈদ মিয়া নামের ওই প্রতারক এবং তার এক সহযোগীকে আটক করে পুলিশে দিয়েছে। এই ঘটনায় একটি মামলা হয়েছে সাভার থানায়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সায়েমুল হুদা জানান, স্বাস্থ্য কমপ্লেক্স থেকে করোনার নমুনা সংগ্রহ করা ব্যক্তিদের যদি করোনা নেগেটিভ ফল পাওয়া যায়, তাহলে তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষ থেকে করোনা নেগেটিভের একটি প্রত্যয়নপত্র দেওয়া হয়।
সম্প্রতি একটি তৈরি পোশাক কারখানার দুই শ্রমিক তাদের কর্মস্থলে করোনা নেগেটিভের প্রত্যয়নপত্র জমা দেন। বিষয়টি যাচাই করতে গিয়ে কারখানা কর্র্তৃপক্ষ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যোগাযোগ করে। হাসপাতাল কর্র্তৃপক্ষ নমুনা নেওয়া রোগীদের নামের তালিকায় ওই দুই শ্রমিকের নাম খুঁজে না পেয়ে কারখানা কর্র্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ ও তাদের আটক করে হাসপতালে নিয়ে আসে। জিজ্ঞাসাবাদে তারা জানান, সাভারের পশ্চিম ব্যাংক টাউন এলাকার বাসিন্দা সাঈদ মিয়া টাকার বিনিময়ে তাদের প্রত্যয়নপত্র দেন।
বৃহস্পতিবার বিকেলে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দুই স্বাস্থ্য কর্মকর্তা ডা. সায়েমুল হুদা ও ডা. নাজমুল হুদা মিঠু কৌশলে প্রতারক সাঈদকে হাসপাতালে ডেকে আনেন। এ সময় প্রতারক সাঈদ এক সহযোগীসহ হাসপাতালে এলে তাদের দুজনকে আটক করে রাতেই সাভার মডেল থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়। এ ঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা হয়েছে।
