রাস্তায় পড়ে থাকা যুবককে হাসপাতালে নিল পুলিশ

আপডেট : ০৬ জুন ২০২০, ০৪:১৪ এএম

করোনা আতঙ্কে ঢাকার বংশাল থানার মালিটোলা এলাকায় পিয়াসী নামের একটি হোটেলের সামনে রাস্তায় অচেতন অবস্থায় পড়ে থাকা এক যুবকের (২৭) কাছে যাচ্ছিলেন না কেউ। খবর পেয়ে গত বৃহস্পতিবার বেলা ১১টার দিকে বংশাল থানা পুলিশের সদস্যরা ওই যুবককে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়। সেখানে চিকিৎসা পেয়ে সুস্থ হলে ওইদিন রাতেই যুবককে তার স্বজনরা চাঁদপুরে গ্রামে নিয়ে যান। 

বংশাল থানার ওসি শাহীন ফকির দেশ রূপান্তরকে গতকাল শুক্রবার বলেন, করোনায় সংক্রমিত সন্দেহে ওই যুবকের কাছে কেউ আসছিলেন না। পুলিশ অজ্ঞাতনামা ওই যুবককে গাউন, হ্যান্ড গ্লাভস ও ফেইস মাস্ক পরিয়ে গাড়িতে করে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। তিনি বলেন, ওই যুবকের পকেটে থাকা মানিব্যাগের মধ্যে একটি মোবাইল ফোন নম্বর পাওয়া যায়। ওই নম্বরে যোগাযোগ করা হলে জানা যায়, ওই যুবকের নাম মরন কর্মকার। তার বাড়ি চাঁদপুরের মতলব থানার ইছাদি বেওয়ালিয়া গ্রামে। তিনি ঢাকায় একটি জুয়েলার্স দোকানে কাজ করেন। বৃহস্পতিবারই তিনি গ্রাম থেকে ঢাকায় আসেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত