নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে এক হাজার বোতল ফেনসিডিলসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার দুপুরে সিদ্ধিরগঞ্জ থানায় সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (ক-সার্কেল) মেহেদী ইমরান সিদ্দিকী উপস্থিত গণমাধ্যমকর্মীদের এ তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীরা হলো লালমনিরহাট জেলার সদর থানার কর্ণপুর এলাকার আবেদ আলীর ছেলে আশরাফ আলী (৩৯), আশরাফ আলীর স্ত্রী মুক্তা (২৯) ও নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানার বড়ালো এলাকার আবদুল হামিদের ছেলে জায়েদুল ইসলাম (২৫)।
সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (ক-সার্কেল) মেহেদী ইমরান সিদ্দিকী জানায়, গত বৃহস্পতিবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে সিদ্ধিরগঞ্জ থানার পুলিশ মিজমিজি মাদ্রাসা রোডের সাফায়েত হোসেন চৌধুরীর বাড়িতে অভিযান চালায়। পরে মাদক ব্যবসায়ী আশরাফ আলীর ভাড়া বসতঘরের খাটের নিচ থেকে তিনটি প্লাস্টিকের বস্তায় রাখা ১ হাজার বোতল ফেনসিডিল উদ্ধারসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করা হয়। পরে রূপগঞ্জ থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের সহযোগী জায়েদুল ইসলামকেও গ্রেপ্তার করা হয়।
