ফরিদপুরের বোয়ালমারী উপজেলার দাদপুর ইউনিয়নের দাদপুর গ্রামের মনসুর মোল্যা (৬৫) হত্যা মামলার আসামিদের গ্রেপ্তারের দাবিতে গ্রামবাসী মিছিল ও মানববন্ধন করেছে। গতকাল শুক্রবার সকাল ১০টার দিকে দাদপুর গ্রামে এ মানববন্ধনে নিহতের স্ত্রী রোকেয়া বেগম (৫৮) ও সন্তানরাসহ এলাকাবাসী অংশ নেন।
গত ২১ এপ্রিল মনসুর মোল্যাকে কুপিয়ে হত্যা ও আরও কয়েকজনকে আহত করা হয়। এ ঘটনায় নিহতের ছেলে মুকুল মোল্যা (৩৫) সাবেক ইউপি চেয়ারম্যান শামীম মোল্যাকে হুকুমের আসামি করে ২১ জনের নামোল্লেখসহ আরও অজ্ঞাতনামা ১৫-১৬ জনকে আসামি করেন। মুকুল বলেন, শামীম মোল্যা এলাকায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। তার লোকেরা তাদের হুমকি দিচ্ছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা বোয়ালমারী থানার এসআই কাইয়ুম হোসেন বলেন, মনসুর হত্যা মামলায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। হুকুমের আসামি শামীম মোল্যাসহ অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে।
