করোনা থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরলেন ৩০ লাখ মানুষ

আপডেট : ০৭ জুন ২০২০, ০৬:৫৪ পিএম

নভেল করোনাভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়লেও এর থেকে প্রতিদিন সুস্থ হয়ে উঠার মানুষের সংখ্যাও বাড়ছে। এখন পর্যন্ত বিশ্বজুড়ে ৩০ লাখের অধিক মানুষ কভিড-১৯ রোগ থেকে সেরে উঠেছেন।

শুরু থেকেই করোনাভাইরাসের তথ্য-উপাত্ত সংরক্ষণ করে আসা যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স বিশ্ববিদ্যালয় জানায়, বিশ্বজুড়ে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৬৯ লাখের বেশি মানুষ। এর মধ্যে বিকাল পর্যন্ত সুস্থ মানুষের সংখ্যা দেখা যায় ৩০ লাখ। যেটি সন্ধ্যায় এসে বেড়ে আরও এক লাখ।  

এই মুহূর্তে করোনা মহামারীকে জয় করে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৩১ লাখ ১৮০ জন মানুষ।

এদিকে ইউরোপের পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসলেও বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে বাড়ছে করোনায় মৃতের সংখ্যা। বাংলাদেশ সময় রবিবার সাড়ে ৩টার দিকে মোট মৃত্যু ৪ লাখ ছাড়ায়।

আক্রান্ত ও মৃতের দিকে আগ থেকে শীর্ষে যুক্তরাষ্ট্র। দেশটিতে আক্রান্ত ১৯ লাখ ছাড়িয়েছে ও মৃতের সংখ্যা এক লাখ ১০ হাজার ছুঁইছুঁই। সবচেয়ে সুস্থ হয়ে উঠার সংখ্যাও যুক্তরাষ্ট্রে। সেখানে এখন পর্যন্ত ৫ লাখের বেশি মানুষ কভিড-১৯ থেকে সেরে উঠেছেন।

আক্রান্তের তালিকায় দ্বিতীয় ও তৃতীয় হচ্ছে ব্রাজিল ও রাশিয়া। সেখানে আক্রান্ত হয়েছে যথাক্রমে ৬ লাখ ৭২ হাজার ৪৪০ এবং ৪ লাখ ৬৭ হাজার জন। ব্রাজিলে দুই লাখ ৭৭ হাজারের অধিক মানুষ সুস্থ হয়ে উঠেছে এবং রাশিয়ায় দুই লাখ ২৬ হাজার ছাড়িয়ে গেছে। মৃতের তালিকায় তৃতীয় অবস্থানে থাকা ব্রাজিলে মারা গেছে প্রায় ৩৬ হাজার মানুষ।

যুক্তরাজ্যে আক্রান্ত হয়েছেন ২ লাখ ৮৬ হাজারের বেশি মানুষ। মৃতের সংখ্যা ৪০ হাজার ছাড়িয়েছে। তবে সুস্থ হয়ে উঠার সংখ্যা এখনও পরিপূর্ণভাবে প্রকাশ করেনি ব্রিটিশ সরকার। ফ্রান্সে আক্রান্ত এক লাখ ৯০ হাজার, এর মধ্যে মারা গেছেন ২৯ হাজারের বেশি মানুষ। তবে সুস্থ হয়ে উঠেছেন ৭১ হাজার মানুষ।

স্পেন ও ইতালিতে আক্রান্তের সংখ্যা যথাক্রমে দুই লাখ ৪১ হাজার এবং দুই লাখ ৩৪ হাজার ছাড়িয়ে গেছে। তবে দেশ দুইটিতে দেড় লাখেরও বেশিসংখ্যক করে মানুষ সুস্থ হয়ে উঠেছে। স্পেনে মারা গেছেন ২৭ হাজারের অধিক মানুষ আর ইতালিতের মৃতের সংখ্যা ছাড়িয়ে গেছে ৩৩ হাজার।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত