কোনো হাসপাতালে আইসিইউ, ভেন্টিলেশন পাননি বিএনপি নেতা হাসান

আপডেট : ০৭ জুন ২০২০, ১১:২৫ পিএম

ঢাকা মহানগর উত্তর বিএনপির সাধারণ সম্পাদক আহসান উল্লাহ হাসান রোববার রাতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যান। তার স্বজনদের অভিযোগ, অনেক চেষ্টা করেও রাজধানীর কোনো হাসপাতালে তার জন্য আইসিইউ বা ভেন্টিলেশনের ব্যবস্থা করা যায়নি। 

রোববার রাত সাড়ে ৯টায় রাজধানীতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। 

তার মৃত্যুর বিষয়টি দেশ রূপান্তরকে নিশ্চিত করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। 
আহসান উল্লাহ হাসান মৃত্যুকালে স্ত্রী রিনা হাসান, দুই ছেলে সোহরাব আল হাসান ও সাকিব আল হাসানকে রেখে গেছেন। 

বিএনপির মহানগর উত্তরের দফতর সম্পাদক এবিএম আব্দুর রাজ্জাক সাংবাদিকদের বলেন, ‘হাসান ভাই করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রাত ৯টা ৪০ মিনিটে সাহাবুদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন। সকাল থেকেই তার শ্বাসকষ্ট বেড়ে গিয়েছিল। দ্রুত তাকে গ্রামের বাড়ি থেকে অনেক চেষ্টা, তদবির করে এই হাসপাতালে ভর্তি করা হয়েছিল।’

পরিবারের সদস্যরা জানিয়েছেন, দুই দিন আগে আহসান উল্লাহ হাসানের শরীরের করোনা পজেটিভ শনাক্ত হয়। রাজধানীতে কোনো হাসপাতালে চিকিৎসার সুযোগ না পেয়ে আশুলিয়ায় গ্রামের বাড়ি মশুরিখোলায় আইসোলেশনে নিয়ে চিকিৎসায় ছিলেন তিনি। শারীরিক অবস্থা অবনতি ঘটলে তাকে গত শনিবার কুয়েত মৈত্রী হাসপাতালে নেয়া হয়। সেখানে আইসিইউ ও ভেন্টিলেশনের কোনো ব্যবস্থা না থাকায় তাকে পুনরায় গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হয়। পরে রোববার সকালে গুলশানে সাহাবুদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আইসিইউ ও ভেন্টিলেটরের জন্য রাজধানী ছোট-বড় সব হাসপাতালে দুই দিন অনেক চেষ্টা করা হয়েছে। কোথাও চিকিৎসার সুযোগ পাওয়া যায়নি। 
বিএনপি সূত্র জানায়, একাদশ নির্বাচনে আহসানউল্লাহ হাসান ঢাকা-১৬ আসনে ধানের শীষের প্রার্থী ছিলেন। এ ছাড়া হাসান ঢাকা সিটি করপোরেশনে মীরপুর ৬ নম্বর ওয়ার্ডের টানা তিন দফায় নির্বাচিত কমিশনার ছিলেন। ওয়ান-ইলেভেনের পরে অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের প্যানেল মেয়র হিসেবে মাসখানেক দায়িত্ব পালন করেন হাসান। ঢাকা সিটি করপোশন দুই ভাগে বিভক্তির পর ২০১৭ সালে মহানগর উত্তরের সাধারণ সম্পাদকের দায়িত্ব পান হাসান।  

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পৃথক পৃথক শোকবার্তায় হাসানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে তার আত্মার মাগফেরাত কামনা করেছেন। 

তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিএনপির পররাষ্ট্র উইংয়ের সদস্য তাবিথ আউয়াল মিন্টু।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত