কিউবায় করোনাভাইরাস পরিস্থিতি নিয়ন্ত্রণে চলে এসেছে বলে ঘোষণা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মিগেল দিয়াজ-কানেল।
গত এক সপ্তাহেরও বেশি সময় ধরে নতুন করে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি দেশটিতে।
আলজাজিরা জানায়, টানা আটদিন করোনায় মৃতের কোনো ঘটনা নথিভুক্ত হয়নি পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জের বৃহত্তম দ্বীপরাষ্ট্রটিতে।
ধীরে ধীরে লকডাউন তুলে নেয়ার এক সপ্তাহের পর এমন সুফল পেল কিউবা।
প্রেসিডেন্ট মিগেল দিয়াজ-কানেল বলেন, সংক্রমণ রোধে এখনো যেসব সমস্যা আমাদের আছে সেগুলোর দিকে এখন নজর দিতে হবে। বিশেষ করে যেসব প্রতিষ্ঠান এখনো দুর্বল হয়ে আছে বা সক্ষমতা কমে গেছে সেগুলোকে নতুন করে উজ্জীবিত করতে হবে।
শুরু থেকেই করোনা রোধে কার্যকরী পদক্ষেপ নেয়ায় প্রশংসিত হয় দেশটির সরকার। মৃতের সংখ্যা দুই অংকের মধ্যেই ধরে রাখতে সক্ষম হয়েছে কিউবা।
এক কোটি ১২ লাখ জনসংখ্যার দেশটিতে মাত্র ২২০০ জন মানুষ করোনায় আক্রান্ত হয়েছে। এর মধ্যে মারা গেছেন ৮৩ জন।
অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ন্ত্রণের পাশাপাশি আক্রান্ত অন্যান্য দেশগুলোর করোনা মোকাবিলাতেও এগিয়ে গেছে কিউবা।
ইতালি, যুক্তরাষ্ট্র, দক্ষিণ আফ্রিকা, ক্যারিবিয়ান অঞ্চলসহ অনেক দেশে অন্তত ২০টি মেডিকেল বিগ্রেড পাঠায় দ্বীপরাষ্ট্রটি। দেশে দেশে করোনা প্রতিরোধী ওষুধ ও চিকিৎসা সামগ্রী সহায়তাও দেয় কিউবান সরকার।
