দেশে ফেরার পর শুল্ক দাবি করে তার ৮টি সুটকেস শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন যুক্তরাষ্ট্র প্রবাসী চিকিৎসক ফেরদৌস খন্দকার। গতকাল সোমবার সকালে ফেইসবুকে লাইভে এসে এ অভিযোগ করেন তিনি। তার ভাষ্য, সুটকেসগুলোতে রয়েছে মাস্ক, গ্লাভস ও পিপিই। এসব তিনি করোনার সম্মুখযোদ্ধাদের দেওয়ার জন্য এনেছিলেন।
গত রবিবার বিকেলে কাতার এয়ারওয়েজের একটি বিশেষ ফ্লাইটে যুক্তরাষ্ট্র থেকে ঢাকায় আসেন ডা. ফেরদৌস। এরপর যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের মাউন্ট সিনাই হাসপাতালের মেডিসিন বিশেষজ্ঞ ডা. ফেরদৌসকে ঢাকার ব্র্যাক ট্রেনিং সেন্টারে ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে পাঠানো হয়। জানা গেছে, যুক্তরাষ্ট্রে অ্যান্টিবডি টেস্টে করোনা পজিটিভ হওয়ার পর তিনি সুস্থ হন।
ফেইসবুক লাইভে ডা. ফেরদৌস বলেন, ‘আমি ৮টি সুটকেস নিয়ে এসেছিলাম। বেশ কিছু মাস্ক, গ্লাভস, পিপিই ইত্যাদি সামগ্রী ডাক্তার-নার্সদের দেব বলে। কিন্তু এয়ারপোর্টে আটকে দিল। ট্যাক্স নাকি দিতে হবে। রেখেই দিল। আনতে পারিনি। আপনাদের মধ্যে কেউ যদি থাকেন ছাড়াতে পারবেন, ছাড়িয়ে নিয়ে যান।’
তিনি আরও বলেন, ‘ফ্রন্টলাইনের যে কাউকে দিতে পারেন। আমি এসেছি আপনাদের পাশে, আমি কাজটুকু করতে চাই। আপনাদের মধ্যে যদি কেউ পারেন ছাড়িয়ে সেসব যেকোনো একটি হাসপাতালে দিয়ে দিতে পারেন। আমার কোনো দাবি নেই।’
