চাঁদপুর জেলা পুলিশ বিভাগকে ঢেলে সাজাতে ব্যাপক রদবদল শুরু হয়েছে। ইতোমধ্যে দুই বছর অতিবাহিত হওয়ায় জেলা গোয়েন্দা (ডিবি পুলিশ) পুলিশের ২৯ সদস্যকে বিভিন্ন থানায় বদলি করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশ সুপার মো. মাহবুবুর রহমান।
বদলিকৃতদের মধ্যে জেলা গোয়েন্দা পুলিশের ৬জন এসআই, ৫জন এএসআই ও ১৮জন কনস্টেবল রয়েছে। এদের মধ্যে অনেকেই দীর্ঘদিন ধরে গোয়েন্দা পুলিশের দায়িত্ব পালন করে আসছিলেন।
এই ধারাবাহিকতায় ভবিষ্যতে জেলার আটটি থানায় কর্মরত পুলিশ সদস্যদের মাঝেও রদবদল করা হবে। এ নিয়ে অনেক পুলিশ সদস্যই আতঙ্কের মধ্যে আছেন।
খোঁজ নিয়ে জানা যায়, সরকারি চাকরি বিধিমালা উপেক্ষা করে চাঁদপুর ডিবি পুলিশে বছরের পর বছর এসব এসআই, এএসআই, কনস্টেবলরা পদ আকঁড়ে ছিলেন। অন্য কোনো স্থানে বদলি করা হলেও ঘুরেফিরে অনেকেই আবার ফিরে এসেছেন ডিবি অফিসে। অনেকের বিরুদ্ধে দুর্নিতীসহ নানা অভিযোগও ছিল।
পুলিশের এই রদবদলকে স্বাগত জানিয়েছে জেলাবাসী।
এ ব্যাপারে পুলিশ সুপার মো. মাহবুবুর রহমান বলেন, চাঁদপুরের পুলিশ বিভাগকে ঢেলে সাজাতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মূলত যারা দুই বছরের অধিক সময় ধরে একই স্থানে চাকরি করছে তাদেরকে অনত্র বদলি করা হচ্ছে।
এতে করে কাজে গতিশীলতা বৃদ্ধির পাশাপাশি জবাবদিহিতা বৃদ্ধি পাবে।
তিনি আরও বলেন, আগামীতে বিভিন্ন থানায় যারা দীর্ঘদিন ধরে দায়িত্ব পালন করছেন তাদেরকে বদলি করা হবে। আমরা পুলিশ বিভাগকে পরিচ্ছন্ন রাখতে চাই। কোনো অবস্থাতেই যেন এখানে যেউ দায়িত্ব অবহেলা বা অনিয়মের সাথে জড়াতে না পারে সে ব্যাপারে আমরা তৎপর রয়েছি।
কোনো পুলিশ সদস্যের বিরুদ্ধে যদি অনিয়মের সাথে জড়িত হওয়ার খবর পাওয়া যায়, তবে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
