আগস্টে শ্রীলঙ্কা যাচ্ছে ভারত!

আপডেট : ১১ জুন ২০২০, ১২:২৩ এএম

করোনাভাইরাস বিপর্যয় কাটাতে লড়ছে ভারত। ক্রিকেটাররা এখনো মাঠে ফিরতে পারেননি। তবে এর মাঝেই শ্রীলঙ্কা সফরের ব্যাপারে ইতিবাচক ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড- বিসিসিআই। শ্রীলঙ্কার সংবাদ মাধ্যম দ্য আইল্যান্ড তাদের প্রতিবেদনে এমনটাই দাবি করেছে।

প্রতিবেদনটিতে বলা হয়েছে, শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডকে (এসএলসি) সিরিজের বিষয়ে সম্মতি দিয়ে দিয়েছে বিসিসিআই। তবে এর সঙ্গে কেন্দ্রীয় সরকারের ছাড়পত্রের প্রসঙ্গও জানিয়েছে ভারতীয় বোর্ড।

শ্রীলঙ্কান বোর্ড আপাতত নিজ দেশের সরকারের কাছ থেকে এই সময়ে সিরিজ আয়োজনের জন্য অনুমতি প্রত্যাশা করছে। সেটা মিললে বিসিসিআইয়ের সঙ্গে চূড়ান্ত আলাপ করতে চায় তারা।

মূলত পূর্ব নির্ধারিত সূচিতে জুনেই তিন ম্যাচের ওয়ানডে ও সমান সংখ্যক টি-টোয়েন্টি খেলতে শ্রীলঙ্কা সফরের কথা ভারতের। কিন্তু শ্রীলঙ্কার করোনা পরিস্থিতি ভালো হলেও ভারতে পুরোপুরি বিপরীত চিত্র। তাই নির্ধারিত সময়ে এই সিরিজের সম্ভাবনা নেই বলা চলে। যদিও এ বিষয়েও আনুষ্ঠানিক ঘোষণা এখনো দেয়নি কোনো পক্ষই।

এদিকে ভারতের সঙ্গে সিরিজ শেষে জুলাইয়ে বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলার কথা শ্রীলঙ্কার। দ্বীপ দেশটি টেস্ট চ্যাম্পিয়নশিপের সেই সিরিজ নিয়ে ইতিবাচক। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে আলোচনাও চালিয়ে যাচ্ছে তারা।

তবে নির্ধারিত সময়ে এই সিরিজ নিয়েও রয়েছে প্রশ্ন বোধক চিহ্ণ। শ্রীলঙ্কা বিসিবিকে এক্ষেত্রে সেপ্টেম্বরে সিরিজ আয়োজনের প্রস্তাব দিয়েছে বলে খবর সংবাদ মাধ্যমের।

এদিকে সেপ্টেম্বরে শ্রীলঙ্কা নিজেদের মাটিতে এশিয়া কাপ আয়োজনেও আগ্রহী। মোট কথা করোনা ধাক্কা কাটিয়ে দেশটি আন্তর্জাতিক ক্রিকেট আয়োজনে মরিয়া।

এখন দেখার বিষয় কোন সিরিজ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেট ফিরে দ্বীপ দেশটিতে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত