করোনাভাইরাস সংকটের কারণে চলতি মৌসুমে বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছে ক্লাব ফুটবলে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ইংলিশ প্রিমিয়ার লিগ। এবারের মৌসুমে লিগটির আর্থিক ক্ষতির পরিমাণ ১০০ কোটি পাউন্ড হতে পারে বলে পূর্বাভাস শীর্ষ স্বনামধন্য ফিন্যান্সিয়াল অ্যানালিস্ট ডেলোয়েটে’র।
প্রিমিয়ার লিগের ২০টি ক্লাবের ২০১৮-১৯ মৌসুমে সম্মিলিত আয় হয়েছিল রেকর্ড ৫০০ কোটি পাউন্ড। করোনাভাইরাস পরিস্থিতির কারণে চলতি মৌসুমে আয়ের পরিমাণ অনেক কমে যাবে বলে জানিয়েছে ডেলোয়েট।
করোনাভাইরাস সংকটের কারণে মার্চ থেকে থেমে আছে প্রিমিয়ার লিগের চলতি মৌসুমের বাকি ম্যাচগুলো। সবকিছু ঠিক থাকলে ১৭ জুন থেকে ফের মাঠে গড়াতে পারে খেলা। খেলা শুরু হলে লিগের বাকি ৯২টি ম্যাচ হবে দর্শকশূন্য স্টেডিয়ামে।
শুধু প্রিমিয়ার লিগই করোনাভাইরাস সংকটের কারণে ইউরোপের অন্যান্য ফুটবল লিগও বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়বে বলে ডেলোয়েটের প্রতিবেদনে বলা হয়েছে।
ফিন্যানসিয়াল অ্যানালিস্ট প্রতিষ্ঠানটি জানিয়েছে, শুধু সম্প্রচার সত্ত্ব ও আর ম্যাচ ডে থেকেই ৫০ কোটি পাউন্ড আয় হারাবে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবগুলো।
ম্যানচেস্টার ইউনাইটেড গত মাসেই জানিয়েছে, করোনাভাইরাস সংকটের কারণে তাদের এরই মধ্যে ২ কোটি ৮০ লাখ পাউন্ড ক্ষতি হয়েছে। আর্থিক ক্ষতির অঙ্কটা এত দিনে আরও বেড়ে থাকতে পারে।
ডেলোয়েটের প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৮-১৯ মৌসুমে প্রিমিয়ার লিগের আয় আগের মৌসুমের তুলনায় ৭ শতাংশ বেড়ে দাঁড়িয়েছিল ৫০০ কোটির ওপরে। এই মৌসুমে ইংল্যান্ড, স্পেন, ইতালি, জার্মানি ও ফ্রান্সের শীর্ষ পাঁচ লিগের আয় আগের মৌসুমের তুলনায় ৯ শতাংশ বেড়ে দাঁড়িয়েছিল ১ হাজার ৫০০ কোটি পাউন্ড।
