বিশ্বের বিভিন্ন কোম্পানিতে বিনিয়োগ করা অর্থ তুলে নিচ্ছে সৌদি আরব। করোনো পরিস্থিতি মোকাবিলায় ব্যয় সংকোচনে এমনটাই পদক্ষেপ নিচ্ছে দেশটি।
এএফপি জানায়, বিশ্বের বড় কোম্পানিতে বিনিয়োগের ৮০০ কোটি ডলার তুলে নিতে যাচ্ছে সৌদি সার্বভৌম তহবিল। এই তহবিলের বেশির ভাগ বিনিয়োগ হচ্ছে পশ্চিমা বিশ্বে।
বোয়িং, ফেসবুকের মতো বড় বড় কোম্পানিতে শত শত কোটি ডলার বিনিয়োগ রয়েছে সৌদির পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ডের।
তবে করোনা পরিস্থিতি এবং তেল দামের ধসের কারণে অর্থনৈতিকভাবে চাপে আছে দেশটির। এর মধ্যে সংকট মোকাবিলায় মূল্য সংযোজন কর দ্বিগুণ করেছে সৌদি সরকার।
একই সঙ্গে বেসামরিক কর্মচারীদের মাসিক ভাতাও স্থগিত করা হয়েছে। ব্যয় কমাতে নেয়া হয়েছে আরও পরিকল্পনা।
সৌদি আরবের আয়ের ৯০ শতাংশ আসে তেল বিক্রি থেকে। কয়েক দশক ধরে এই তেলসম্পদকে দেশটির সরকার তার নাগরিকদের জন্য ভর্তুকি, চাকরি ও করমুক্ত জীবনযাত্রার জন্য ব্যবহার করেছে। ফলে সংকটে পড়ে নাগরিকদের এসব সুবিধা দেয়া থেকে পিছিয়ে আসছে তারা।
মাত্র দুই বছর আগে প্রথম ভ্যাট চালু করে সৌদি সরকার। করোনাভাইরাসের কারণে এই ভ্যাট এখন তিন গুণ বাড়িয়েছে তারা।
বর্তমানে ভ্যাট ৫ শতাংশ, যা আগামী ১ জুলাইতে বেড়ে হবে ১৫ শতাংশ। এর মধ্যে নাগরিকদের জীবন নির্বাহে বিশেষ ভাতাও বাতিল করেছে ১ জুন থেকে।
চলতি বছরের শুরুতে বোয়িং, ওয়াল্ট ডিজনি ও স্টারবাকস, ম্যারিয়ট ও সিটি গ্রুপের মতো বিশাল বিশাল কোম্পানির ৭৭০ কোটি ডলারের শেয়ার কেনে সৌদি। নামকরা তেল কোম্পানি বিপি, টোটাল ও রয়্যাল ডাচ্ শেলেও রয়েছে সৌদি শেয়ার।
