গাজীপুর জেলা শহরে রাস্তার পাশে সংজ্ঞাহীন অবস্থায় পড়ে থাকা এক নারীকে (৫৫) উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে পুলিশ। দীর্ঘ সময় পড়ে থাকলেও করোনাভাইরাসে আক্রান্ত এমন ভয়ে ওই নারীর সহায়তায় এগিয়ে আসেনি কেউ। গত বৃহস্পতিবার গাজীপুর শহরের সদর থানার হাড়িনাল বাজারের কাছে এ ঘটনা ঘটে।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদর থানার ওসি মো. আলমগীর ভূঁইয়া জানান, সংজ্ঞাহীন অবস্থায় ওই নারী হাড়িনাল বাজারে যাওয়ার রাস্তার পাশে অচেতন অবস্থায় পড়েছিলেন। তিনি করোনাভাইরাসে আক্রান্ত এমনটা ভেবে সংক্রমণের ভয়ে কেউ তার সহায়তায় এগিয়ে আসেনি। দীর্ঘক্ষণ পড়ে থাকার একপর্যায়ে দুপুর ২টার দিকে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ঘটনাটি জানান এক ব্যক্তি। জানতে পেরে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে ওই নারীকে টঙ্গীর সরকারি শহীদ আহসানউল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি এবং ওষুধ কিনে দেওয়া হয়। গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. আনোয়ার হোসেনকে বিষয়টি জানানো হয়। তিনিও বৃদ্ধার সুচিকিৎসা জন্য নির্দেশনা প্রদান করেন।
ওসি আরও জানান, বৃদ্ধা বর্তমানে আগের চেয়ে সুস্থ আছেন। এখনো ঠিকমতো কথা বলতে পারছেন না। শুধু নিজের নাম জাহানারা জানিয়েছেন। তার বিস্তারিত পরিচয় জানার চেষ্টা চলছে।
