করোনাভাইরাসের মধ্যে মালয়েশিয়ায় আটকা পড়া শিক্ষার্থী, পর্যটক ও নানা পেশার ১৫১ বাংলাদেশিকে ফিরিয়ে আনল ইউএস-বাংলা এয়ারলাইনসের একটি বিশেষ ফ্লাইট। গতকাল শুক্রবার মালয়েশিয়ার কুয়ালালামপুর থেকে স্থানীয় সময় বিকেল ৩টা ৫০ মিনিটে ফ্লাইটটি ঢাকার উদ্দেশে যাত্রা করে এবং বিকেল ৫টা ৪০ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
এর আগে সকাল ৮টা ৫০ মিনিটে ঢাকা থেকে ৪৩ জন মালয়েশিয়ার নাগরিক ও প্রবাসী বাংলাদেশিদের কুয়ালালামপুরে ফিরিয়ে নিয়ে যায় ইউএস-বাংলার বিশেষ ফ্লাইট।
ইউএস-বাংলার মহাব্যবস্থাপক (জিএম) জনসংযোগ কামরুল ইসলাম জানান, কুয়ালালামপুরের বাংলাদেশ দূতাবাস ও ঢাকায় মালয়েশিয়ার দূতাবাসের সার্বিক তত্ত্বাবধানে ঢাকা-কুয়ালালামপুর-ঢাকা রুটে বিশেষ ফ্লাইটটি পরিচালনা করেছে ইউএস-বাংলা এয়ারলাইনস। কভিড-১৯-এর প্রাদুর্ভাবের কারণে গত তিন মাসের অধিক সময় মালয়েশিয়ার বিভিন্ন প্রদেশে আটকে রয়েছে অসংখ্য বাংলাদেশি। আকাশপথে যোগাযোগ বন্ধ হয়ে যাওয়ার কারণে তারা কোনোভাবেই দেশে ফিরতে পারছিলেন না।
