প্রধানমন্ত্রী ভিআইপিদের চিকিৎসার দায়িত্বে, জনসাধারণ মরছে রাস্তায়: রিজভী

আপডেট : ১৪ জুন ২০২০, ০৩:৫১ পিএম

করোনা মহামারীর মধ্যে দেশে চিকিৎসাসেবায় বৈষম্য ভয়াল রূপ ধারণ করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি বলেন, করোনাভাইরাস সংক্রমণ মোকাবিলায় প্রধানমন্ত্রীর কাছে শুধুই ‘ভিআইপি লাইভস ম্যাটার’ করছে।

রবিবার দুপুরে নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে রিজভী এ কথা বলেন।

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শুধুই তার দলের মন্ত্রী-এমপি, মেয়র, নেতা ও ভিআইপিদের চিকিৎসার দায়িত্ব নিচ্ছেন। তাদের জন্য দ্রুততার সঙ্গে সিএমএইচ, এয়ার অ্যাম্বুলেন্স, হেলিকপ্টার, আইসিইউ, ভেন্টিলেটরসহ সব সুবিধা নিশ্চিত করছেন।’

‘কিন্তু দেশের সাধারণ মানুষগুলো চিকিৎসা না পেয়ে রাস্তাতেই মারা যাচ্ছেন; প্রধানমন্ত্রী তাদের কোনো খবর নিচ্ছেন না। তার (প্রধানমন্ত্রী) কাছে শুধুই- ভিআইপি লাইভস ম্যাটার। গরীব মানুষের জীবন উপেক্ষিত’ যোগ করেন বিএনপি মুখপাত্র।

তিনি অভিযোগ করে বলেন, তিন মাসে করোনা উপসর্গ নিয়ে অসংখ্য মানুষের মৃত্যু হয়েছে, যাদের মধ্যে সিংহভাগ মানুষ হাসপাতালে চিকিৎসা পাননি। বেঁচে থাকা অবস্থায় নমুনা পরীক্ষার মাধ্যমে নিশ্চিত হতে পারেননি তারা করোনা আক্রান্ত কিনা।

প্রস্তাবিত বাজেটে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ব্যয় বৃদ্ধিতে উদ্বেগ প্রকাশ করে রিজভী বলেন, করোনাত্তোর অর্থনৈতিক মন্দাকে সামনে রেখে বিভিন্ন দেশে সরকারি ব্যয় সংকোচনের পদক্ষেপ গ্রহণ করেছে। বিভিন্ন দেশের প্রেসিডেন্ট-প্রধানমন্ত্রী নিজেদের ব্যয় কমিয়ে দৃষ্টান্ত করার চেষ্টা করেছেন। পক্ষান্তরে বাংলাদেশের সরকার হাঁটছে উল্টোদিকে।

তিনি বলেন, এই করোনা ভাইরাসের সঙ্কটের মধ্যেও প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সরকারি অফিসের ব্যয় বাড়িয়েছেন ৯৫ কোটি টাকা। প্রস্তাবিত বাজেটে প্রধানমন্ত্রীর অফিসের খরচের জন্য বরাদ্দ রাখা হয়েছে তিন হাজার ৮৩৮ কোটি টাকা।

রিজভী আরও বলেন, করোনা ভয়ের পাশাপাশি গ্রেপ্তার, গুম আর মিথ্যা মামলার আতঙ্কে দিন কাটছে দেশবাসীর। সামান্য সমালোচনা করলেই ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার খড়গ নেমে আসে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত