ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে মির্জাপুর ও দেলদুয়ার উপজেলার সীমান্তবর্তী ডুবাইল এলাকা থেকে অতি যত্ন করে ফেলে রাখা অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রবিবার সকালে হাইওয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে। করোনায় আক্রান্ত হয়ে ওই ব্যক্তর মৃত্যু হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে পুলিশের ধারণা।
মির্জাপুরের গোড়াই হাইওয়ে থানা-পুলিশ সূত্র মতে, সকালে মহাসড়কের সার্ভিস লেনের পাশে খড়ের স্তুপের উপর পলিথিন ও কাঁথা জড়ানো অবস্থায় মরদেহটি এলাকাবাসী পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে পুলিশ তা উদ্ধার করে। তবে তার গায়ে প্রাথমিকভাবে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি।
গোড়াই হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানান, মরদেহটির গায়ে জামা-কাপড় রয়েছে। সার্ভিস লেনের পাশে রাখা মরদেহটি খড়ের স্তুপের উপর ছিল। মাথায় বালিশ ও গায়ের উপরে কাঁথা ছিল। কাঁথার উপরে পলিথিনও ছিল। লোকটি করোনায় আক্রান্ত ভেবে হয়তো বা কেউ ফেলে যেতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ জন্য পুলিশ বিশেষ ব্যবস্থায় মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তসহ প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।
