করোনা সংক্রমন বৃদ্ধি পাওয়ায় পিসিআর ল্যাব স্থাপনের দাবী

আপডেট : ১৪ জুন ২০২০, ০৭:২৮ পিএম

মাদারীপুরে দিন দিন করোনা ভাইরাসের সংক্রমন বৃদ্ধি পাওয়ায় পিসিআর ল্যাব স্থাপনের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন সংগঠন ও শ্রেণি পেশার মানুষ দাবী জানিয়েছেন।

চলতি বছরের ৮ মার্চ দেশের প্রথম ৩জন করোনা রোগী শনাক্ত হয়। তাদের একজন মাদারীপুরের। করোনার কারণে দেশের প্রথম লকডাউন ঘোষণা করা হয় শিবচরকে। তাই করোনা ঝুঁকি বিবেচনায় মাদারীপুরে করোনা টেস্টের জন্য পিসিআর ল্যাব স্থাপনের দাবী জানিয়েছে মাদারীপুরের বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।

জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, জেলার শিবচর, কালকিনি, রাজৈর ও সদর হাসপাতাল থেকে প্রতিদিন ২শ মানুষের করোনার নমুনা সংগ্রহ করা হয়। এ নমুনা একদিন পর পর পরীক্ষার জন্য ঢাকাতে পাঠানো হয়। রিপোর্ট আসে ৫ থেকে ৬ দিন পরে। জেলায় এ পর্যন্ত নমুনা প্রেরণ করা হয়েছে ৩,৮৯৪ টি এবং রিপোর্ট পাওয়া গেছে ৩, ৪০২টি। এর মধ্যে করোনা ভাইরাস আক্রান্ত শনাক্তের সংখ্যা ৩৫৩ জন। মৃত্যুবরণ করেছে ৭ জন এবং উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করেছে ৮ জন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, করোনা ভাইরাসের কারণে বিপর্যস্ত গোটা বিশ্ব। নতুন প্রজাতির এই ভাইরাসের বিরুদ্ধে সুনির্দিষ্ট এবং কার্যকরী কোন প্রতিষেধক বা টিকা যখন সুদূর প্রসারী, রোগের বিস্তার রোধে অসহায় বিশ্ব। সারা বিশ্বের সাথে বাংলাদেশে তথা মাদারীপুরে দিন দিন বৃদ্ধি পাচ্ছে আক্রান্ত এবং মৃত্যুর সংখ্যা। জেলার তিন উপজেলা ও সদর হাসপাতালে করোনা দিতে এসে ফেরত যাচ্ছে অনেক মানুষ। দুই/তিনদিন ঘুরে করোনার টেস্ট দিচ্ছে। রিপোর্ট পাচ্ছে ৬ থেকে ৭ দিন পরে। ল্যাব টেস্টের ভিত্তিতে সম্ভাব্য করোনা ভাইরাস আক্রান্ত রোগীকে চিহ্নিত করা এবং সে অনুযায়ী অন্যদের থেকে আলাদা রাখা। কিন্তু শুধুমাত্র টেস্ট কম হওয়ার কারণে ও রিপোর্ট পেতে বিলম্ব হওয়ায় জেলায় করোনা সংক্রমন ব্যাপক ও আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাচ্ছে।

সাংবাদিক, সাংস্কৃতিক ও সামাজিক সংগঠন থেকে শুরু করে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এখন পিসিআর ল্যাব স্থাপনের দাবী জানিয়ে আসছে। 

মাদারীপুর উন্নয়ন সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক বেলাল রিজভী বলেন, রেডজোন হিসেবে চিহ্নিত মাদারীপুর জেলায় দিন দিন করোনা রোগীর সংখ্যা বেড়ে চলেছে। মাদারীপুরে একাধিক করোনা রোগী উপসর্গ নিয়ে মারা যাওয়ার ৩/৪দিন পরে জানা গেছে তারা করোনা পজেটিভ ছিলেন। এতে সাধারণ মানুষের মাঝে সংক্রমনের পাশাপশি আতঙ্ক বেড়েছে। তাই করোনা শনাক্তকরণ পিসিআর ল্যাব স্থাপন খুব জরুরী। একই সাথে সদর হাসপাতালে আইসিইউ স্থাপনেরও দাবী জানাচ্ছি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত