নাসিমকে নিয়ে ‘কুরুচিপূর্ণ’ স্ট্যাটাস

শাবিপ্রবি শিক্ষার্থীর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা

আপডেট : ১৬ জুন ২০২০, ০৬:০৫ এএম

সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও আওয়ামী লীগ নেতা মোহাম্মদ নাসিমের মৃত্যুর পর ফেইসবুকে ‘কুরুচিপূর্ণ’ স্ট্যাটাস দেওয়ার অভিযোগ এনে এক শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) কর্র্তৃপক্ষ। গতকাল সোমবার ডিজিটাল নিরাপত্তা আইনে জালালাবাদ থানায় মামলাটি করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. ইশফাকুল হোসেন। মাহির চৌধুরী নামে ওই শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের চতুর্থ বর্ষে অধ্যয়নরত। তিনি বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের সঙ্গেও জড়িত।

এর আগে আওয়ামী লীগ নেতা নাসিমের মৃত্যু নিয়ে ব্যঙ্গ করে ফেইসবুকে স্ট্যাটাস দেওয়ার অভিযোগে গত শনিবার রাতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) বাংলা বিভাগের শিক্ষক সিরাজাম মুনিরাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে আইসিটি আইনে মামলা করেছে বেরোবি কর্র্তৃপক্ষ।

জালালাবাদ থানার ওসি অকিল উদ্দিন জানিয়েছেন, গতকাল দুপুরে শাবিপ্রবি শিক্ষার্থী মাহির চৌধুরীর বিরুদ্ধে মামলাটি নথিভুক্ত করা হয়।

জানা গেছে, মাহির চৌধুরী শনিবার তার ফেইসবুক অ্যাকাউন্টে সাবেক স্বাস্থ্যমন্ত্রী নাসিমকে নিয়ে একটি স্ট্যাটাস দেন। এরপর স্ট্যাটাসটির সমালোচনা করে তার শাস্তি দাবি করেন বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতাকর্মীরা। তবে কিছুক্ষণ পর মাহির ওই স্ট্যাটাসটি মুছে ফেলেন এবং এজন্য ক্ষমা প্রার্থনা ও দুঃখ প্রকাশ করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত