খুলনায় হাসপাতালে চিকিৎসাধীন করোনাভাইরাসে আক্রান্ত এক গৃহবধূকে যৌন হয়রানির অভিযোগ উঠেছে ওয়ার্ডবয়ের বিরুদ্ধে।
অভিযু্ক্তের নাম নজরুল ইসলাম। তিনি খুলনা করোনা ডেডিকেটেড হাসপাতালে আউটসোর্সিংয়ের মাধ্যমে নিযুক্ত ওয়ার্ডবয় হিসেবে কাজ করছিলেন।
নুরনগর এলাকায় অবস্থিত এই হাসপাতাল পরিচালনা করছে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ।
হাসপাতাল সূত্রে জানা গেছে, সম্প্রতি নমুনা পরীক্ষায় ওই গৃহবধূ (২৬) করোনা পজিটিভ হলে ৬ জুন খুলনা করোনা হাসপাতালে ভর্তি হন। শুরু থেকেই তাকে উত্ত্যক্ত করে আসছিলেন ওয়ার্ডবয় নজরুল ইসলাম। বিভিন্ন অজুহাতে তার কাছে আসার চেষ্টা করতেন। সর্বশেষ ঘটনাটি ঘটে গত শনিবার দিবাগত রাত দুইটার দিকে। নজরুল প্রয়োজনের কথা বলে ওই গৃহবধূকে কিছুটা নির্জন স্থানে ডেকে নিয়ে যৌন হয়রানি করেন। কোনোমতে নিজেকে রক্ষা করে গৃহবধূ ঘটনাস্থল ত্যাগ করেন। এরপর হাসপাতালের দায়িত্বরত নার্সদের বিষয়টি জানান।
ওই গৃহবধূকে সোমবার ছাড়পত্র দিয়ে হোম আইসোলেশনে পাঠানো হয়েছে। তার স্বজনদের মৌখিক অভিযোগের ভিত্তিতে ওয়ার্ডবয় নজরুল ইসলামকে চাকরি থেকে অব্যাহতি দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক মুন্সী মো. রেজা সেকেন্দার সাংবাদিকদের জানান, ওই গৃহবধূ বা তার স্বজনেরা লিখিত কোনো অভিযোগ দেননি। স্বজনদের কাছ থেকে মৌখিক অভিযোগ পেয়ে ওয়ার্ডবয়কে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
