বিদেশফেরতদের ৩ কোটি টাকা সহায়তা দিচ্ছে ব্র্যাক

আপডেট : ১৯ জুন ২০২০, ০৬:১৩ এএম

করোনাভাইরাস মহামারীর মধ্যে চাকরি হারিয়ে বা অসহায় অবস্থায় দেশে ফেরা ৭ হাজার ২৫০ জন অভিবাসী কর্মীকে জরুরি সহায়তা হিসেবে নগদ ৩ কোটি টাকা অর্থ সহায়তা দিচ্ছে ব্র্যাক। গতকাল বৃহস্পতিবার দুপুরে ভার্চুয়াল এক অনুষ্ঠানের মাধ্যমে এ কার্যক্রমের উদ্বোধন করেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন।

উদ্বোধনী অনুষ্ঠানে ব্র্যাক জানিয়েছে, দেশের বিভিন্ন স্থানে জেলা ও উপজেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় এবং মাঠপর্যায়ের কর্মীদের দ্বারা বিদেশফেরত কর্মীদের প্রকৃত অবস্থা যাচাই-বাছাইয়ের মাধ্যমে তালিকা প্রস্তুত করে মোবাইল ব্যাংকিং সেবা বিকাশের মাধ্যমে এ অর্থ পৌঁছে দেওয়া হচ্ছে। ইতিমধ্যে ১ হাজার ৫৪৫ জনকে ৬১ লাখ ৮০ হাজার টাকা দেওয়া হয়েছে। এ ছাড়া আরও ৫ হাজার ৭০৫ জনের যাচাই-বাছাই চলছে। তারাও দ্রুততম সময়ের মধ্যে এ অর্থ সহায়তা পাবেন।

ব্র্যাক জানিয়েছে, শুধু অর্থ সহায়তা নয়, ব্র্যাকের নিজস্ব অর্থায়ন ও দাতাদের সহায়তায় বিদেশফেরতদের মনোসামাজিক সেবা, দক্ষতা তৈরি, অর্থনৈতিক পুনরেকত্রীকরণের জন্য আগামী তিন বছরে প্রায় ১০০ কোটি টাকা পরিকল্পিতভাবে খরচের পরিকল্পনা রয়েছে।

কর্মসূচির উদ্বোধন করে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন বলেন, ‘প্রবাসীদের কল্যাণ নিশ্চিতে সরকার কাজ করছে। কিন্তু এই মুহূর্তে যেটা দরকার সেটা হচ্ছে, সবার সম্মিলিত প্রচেষ্টা। এই মুহূর্তে দরকার দৃশ্যমান কোনো সহায়তা, যা সরাসরি কাজে লাগতে পারে। সে ক্ষেত্রে ব্র্যাক এই যে ৩ কোটি টাকা নগদ অর্থ সহায়তা নিয়ে এগিয়ে এসেছে, সেটি অত্যন্ত সময়োপযোগী। আমাদের সবাইকে এভাবে দাঁড়াতে হবে। সরকার ৭০০ কোটি টাকা ঋণ হিসেবে বিদেশফেরতদের দেওয়ার উদ্যোগ নিয়েছে।’

অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে ব্র্যাকের সিনিয়র ডিরেক্টর কে এ এম মোর্শেদ বলেন, ‘প্রতিষ্ঠার পর থেকেই দেশ যখনই কোনো দুর্যোগে পতিত হয়েছে, ব্র্যাক সামনের সারিতে থেকে সরকারের সঙ্গে একাত্ম হয়ে মানুষের পাশে দাঁড়িয়েছে। বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনাভাইরাস (কভিড-১৯) বাংলাদেশে আঘাত হানার সঙ্গে সঙ্গে ব্র্যাক সরকারের সঙ্গে সহযোগী হয়ে তা মোকাবিলায় কাজ করছে। এরই ধারাবাহিকতায় বিদেশফেরতদের পাশে দাঁড়ানোর এই উদ্যোগ। আমরা প্রবাসীদের সহায়তা দিচ্ছি বলব না। দেশের প্রতি তাদের অবদানের কৃতজ্ঞতাস্বরূপ আমাদের পক্ষ থেকে এই ছোট উপহার।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত