নিয়মের তোয়াক্কা না করে দরপত্র ছাড়াই প্রায় ১৫০ কোটি টাকার বই কিনতে যাচ্ছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। কিছু প্রকাশকের স্বার্থ রক্ষার জন্য এই ক্রয় প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে বলে অভিযোগ করেছে বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতি।
নিয়মবহির্ভূত ক্রয় প্রক্রিয়ার প্রতিবাদ জানিয়ে ১০ জুন প্রাথমিক ও গণশিক্ষা সচিব বরাবর চিঠি দিয়েছে বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতি। যার অনুলিপি দেওয়া হয়েছে প্রধানমন্ত্রীর একান্ত সচিব বরাবর।
চিঠিতে তারা নির্বাচিত প্রতিটি বই ৬৫ হাজার কপির ক্রয় প্রক্রিয়া বাতিলের আবেদন জানিয়েছে। এ ছাড়া সৃজনশীল প্রকাশকদের কাছে উপযুক্ত বইয়ের তালিকা ও নমুনা কপি আহ্বানের মাধ্যমে বাছাই কমিটি কর্র্তৃক বই নির্বাচন করে দ্রুত ক্রয় প্রক্রিয়া সম্পন্ন করতে বলেছে।
জানা গেছে, দেশের বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ে বঙ্গবন্ধু কর্নারের জন্য বই কেনা হচ্ছে। নিয়ম না মেনে কোনো দরপত্র ছাড়াই সরকারি প্রতিষ্ঠানের বাইরে মাত্র কয়েকটি প্রকাশনা প্রতিষ্ঠান এই ক্রয় প্রক্রিয়ার সঙ্গে জড়িত।
জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির সভাপতি ফরিদ আহমেদ বলেন, ‘ক্রয় প্রক্রিয়াটি কীভাবে হচ্ছে, আমরা এর কিছুই জানি না। চিঠি পাঠিয়েছি, জবাব না পেলে সমিতির পক্ষ থেকে আমরা পরবর্তী পদক্ষেপ নিয়ে চিন্তা করব।’
এ বিষয়ে শিক্ষা অধিদপ্তরের একাধিক কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করেও কোনো মন্তব্য পাওয়া যায়নি।
