ডিজিটাল নিরাপত্তা আইনে মামলায় গ্রেপ্তার হওয়ার ২৮ দিন পর কারামুক্ত হলেন সাংবাদিক সুশান্ত দাশ গুপ্ত। গতকাল বৃহস্পতিবার দুপুরে হবিগঞ্জ কারাগার থেকে মুক্তি পান তিনি। এর আগে গত ১৪ জুন সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশনের বিচারপতি আশরাফুল কামাল দৈনিক আমার হবিগঞ্জের সম্পাদক, প্রকাশক ও আমার এমপি ডটকমের প্রতিষ্ঠাতা সুশান্তর জামিন আবেদন মঞ্জুর করেন।
গতকাল দুপুর ২টার দিকে সাংবাদিক সুশান্ত কারাগার থেকে বের হলে সংরক্ষিত নারী আসনের সাবেক এমপি আমাতুল কিবরিয়া চৌধুরী কেয়ার নেতৃত্বে আওয়ামী লীগ, ছাত্রলীগের নেতাকর্মী ও সাংবাদিকরা তাকে ফুলের মালা দিয়ে বরণ করেন। পরে প্রায় ১৫০টি মোটরসাইকেলের শোভযাত্রা সহকারে সুশান্তকে তার গ্রামের বাড়ি সুনারুতে নিয়ে যাওয়া হয়।
গত ২১ মে ভোরে হবিগঞ্জ শহরে চিড়াকান্দি এলাকা থেকে গ্রেপ্তার হন সুশান্ত। ২০ মে মধ্যরাতে হবিগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সায়েদুজ্জামান জাহির বাদী হয়ে দৈনিক আমার হবিগঞ্জের সম্পাদক সুশান্ত দাশ গুপ্ত, নির্বাহী সম্পাদক নুরুজ্জামান মানিক, বার্তা সম্পাদক রায়হান উদ্দিন সুমন ও প্রতিবেদক তারেক হাবিবকে আসামি করে হবিগঞ্জ থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন।
