দলিল লেখকদের কর্মবিরতি

অচলাবস্থা কিশোরগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে

আপডেট : ২০ জুন ২০২০, ০৭:৫১ এএম

দলিল লেখকদের লাগাতার কর্মবিরতিতে কিশোরগঞ্জ সদর সাব-রেজিস্ট্রার অফিসে বিরাজ করছে অচলাবস্থা। সেবা নিতে এসে চরম দুর্ভোগে পড়তে হচ্ছে সাধারণ মানুষকে। গত মঙ্গলবার সদর উপজেলা দলিল লেখক সমিতি মানববন্ধন ও সমাবেশ শেষে সাব-রেজিস্ট্রার এম নফিয বিন যামানের শাস্তি এবং তার করা মামলা প্রত্যাহার না হওয়া পর্যন্ত অফিসের কাজ বন্ধ রাখার ঘোষণা দিলে অচল হয়ে পড়ে প্রতিষ্ঠানটি।

মামলায় অভিযোগ সূত্রে জানা যায়, জেলা দলিল লেখক সমিতির সভাপতি মহিউদ্দিন বাবুল ও সাধারণ সম্পাদক ফোরকান উদ্দিন মানিক গত সোমবার দুপুরে সদরের সাব-রেজিস্ট্রার এম নফিয বিন যামানের কাছে একটি দলিল নিয়ে যান স্বাক্ষর করানোর জন্য। কিন্তু দলিলটি ত্রুটিপূর্ণ থাকায় তিনি তাতে স্বাক্ষরে অস্বীকৃতি জানালে মহিউদ্দিন ও ফোরকানসহ অন্যরা তার ওপর হামলা চালান। এ সময় অফিসের ভেতরে সাব-রেজিস্ট্রারকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়। ওইদিনই এম নফিয বিন যামান বাদী হয়ে জেলা দলিল লেখক সমিতি সভাপতি মহিউদ্দিন বাবুল ও সাধারণ সম্পাদক ফোরকান উদ্দিন মানিকসহ ১৩ জন দলিল লেখককে আসামি করে সদর মডেল থানায় একটি মামলা করেন।

জেলা দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক ফোরকান উদ্দিন মানিক বলেন, দলিল লেখকদের কাছে দলিলপিছু তিন হাজার টাকা করে ঘুষ দাবি করায় সমিতির লোকজন ক্ষিপ্ত হয়। আমাদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার ও তার শাস্তি না দেওয়া পর্যন্ত কর্মবিরতি চালিয়ে যাব।

জেলা রেজিস্ট্রার মুহাম্মদ আবু তালেব এ ব্যাপারে জানান, এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। প্রতিবেদন হাতে পাওয়ার পর এর একটি সমাধান হয়ে যাবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত