‘আমরা শুধুই তারকাদের নিয়ে কাজ করি’ বলে আয়ুষ্মানকে প্রত্যাখান করেন করণ

আপডেট : ২০ জুন ২০২০, ০৯:৪৮ এএম

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর ঘটনার পর স্বজনপোষণের জন্য অনেকেই বলিউডের কিছু ব্যক্তিত্বর দিকে আঙুল তুলছেন। ইতিমধ্যেই মামলা দায়ের হয়েছে করণ জোহর, সঞ্জয়লীলা বনশালি, একতা কাপুর, সালমান খানসহ আটজনের বিরুদ্ধে।

তবে শুধু সুশান্তই নন, একসময় আয়ুষ্মান খুরানার সঙ্গেও বিশেষ ভালো ব্যবহার করেননি করণ।

আয়ুষ্মান বর্তমানে প্রতিষ্ঠিত অভিনেতা। তবে ২০১৫ সালে নিজের লেখা বই ‘ক্র্যাকিং দা কোড: মাই জার্নি ইন বলিউড’-এ প্রত্যাখ্যাত হওয়ার কথা তুলে ধরেছিলেন। তার সেই লেখার কিছু লাইন বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে।

যেখানে আয়ুষ্মান লিখেছেন, ঘটনাটা ২০০৭ সালের। রেডিও জকি হিসেবে কাজ করার সময় একবার করণ জোহরের সাক্ষাৎকার নেন। তখনই এ প্রযোজক-পরিচালককে অভিনয়ের ইচ্ছার কথা জানান। করণ নিজেই অফিসের ল্যান্ডলাইন নম্বর দেন। এর পর আয়ুষ্মান সেই নম্বরেই তিনবার ফোন করেন। প্রতিবারই বিভিন্ন অজুহাতে তার সঙ্গে করণ কথা বলেননি। চতুর্থবার করণ জানান, তারা শুধুমাত্র তারকাদের সঙ্গেই কাজ করেন, তাই আয়ুষ্মানের সঙ্গে কাজ করার প্রশ্নই ওঠে না।

২০১৮ সালে চ্যাট শো ‘কফি উইথ করণ’-এ এসে প্রকাশ্যেই করণ জোহরকে একথা জানান আয়ুষ্মান। পরিস্থিতি সামাল দিতে করণ বলেন, “আমি তোমাকে সঠিক নম্বরই দিয়েছিলাম। কারণ বুঝেছিলাম, তোমার মধ্যে প্রতিভা রয়েছে। আর এটা ভালো বিষয় নয় কি!”

করণ জোহরের ওই অনুষ্ঠানে বারবার পরোক্ষভাবে সুশান্তকে ছোট করার চেষ্টা হয়েছে বলে অভিযোগ রয়েছে। এ ছাড়া কেন প্রয়াত নায়ককে এই শোয়ে কেন ডাকেননি? বিষয়টি নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকেই।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত