রোহিঙ্গাদের জন্য চালু হচ্ছে ১০ শয্যার আইসিইউ

আপডেট : ২০ জুন ২০২০, ১২:২৬ পিএম

বাংলাদেশের কক্সবাজার সদর হাসপাতালে রোহিঙ্গাদের জন্য শনিবার থেকে চালু হচ্ছে ১০ শয্যার ইনটেনসিভ কেয়ার ইউনিট (আইসিইউ) এবং ১০ শয্যার হাই ডিপেনডেনসি ইউনিট (এইচডিইউ)।

স্থানীয় প্রশাসন জানিয়েছে, জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআরের আর্থিক সহযোগিতায় এগুলো স্থাপন করা হয়েছে। পরিচালনায় যারা থাকছেন তাদের বেতনসহ অন্যান্য সুবিধাও দেবে ইউএনএইচসিআর।

‘কর্তৃপক্ষ এগুলো চালু করার সিদ্ধান্ত নেয়ায় আমার স্বপ্ন সত্যি হয়েছে,’ মন্তব্য করে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের প্রধান স্বাস্থ্য সমন্বয়ক আবু তোহা ভুইয়ান সাংবাদিকদের বলেন, ‘এই মহামারীর সময়ে এটি  খুব জরুরি ছিল।’

কক্সবাজার জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে পাওয়া তথ্যে,  ১৭ জুন পর্যন্ত জেলার রামু, উখিয়া ও চকরিয়ায় চালু করা কভিড-১৯ ডেডিকেটেড হাসপাতালে রোগী ভর্তি ছিল ১২০ জন। এ ছাড়া কক্সবাজার জেলা সদর হাসপাতালের আইসোলেশন ইউনিটে করোনা উপসর্গ নিয়ে চিকিৎসাধীন আছেন ১০ জন রোগী।

জেলায় এ পর্যন্ত করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ১ হাজার ৮০৯ জন। তার মধ্যে ৪৩ জন রোহিঙ্গা। এ পর্যন্ত তিন জন রোহিঙ্গাসহ জেলায় করোনায় মারা গেছে ২৯ জন।

বর্তমানে রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫০ শয্যা, চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫০ শয্যা ও উখিয়ায় ১৪৪ শয্যার কভিড-১৯ ডেডিকেটেড হাসপাতাল চালু রয়েছে। হাসপাতালগুলোতে কভিড আক্রান্ত রোগীদের সর্বোচ্চ চিকিৎসা সেবার ব্যবস্থা সিলিন্ডার অক্সিজেন। এখানে আইসিইউ বা ভেন্টিলেটরের ব্যবস্থা নেই। বর্তমানে করোনায় আক্রান্ত সংকটাপন্ন রোগীদের উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার জেলা সদর থেকে ১৬০ কিলোমিটার দূরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।  অনেকেই নিজ উদ্যোগে চিকিৎসার জন্য ছুটছেন রাজধানী ঢাকায়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত