একই পরিবারের তিনজনসহ পঞ্চগড়ে ৪ জনের করোনা শনাক্ত

আপডেট : ২০ জুন ২০২০, ১২:৩৩ পিএম

পঞ্চগড়ে গাজীপুরফেরত স্বামী-স্ত্রী ও শ্যালকসহ ৪ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১২২ জনে।

শুক্রবার রাতে আক্রান্তের বিষয়টি নিশ্চিত করেন সিভিল সার্জন ডা. মো. ফজলুর রহমান।

জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, সদর উপজেলার আক্রান্ত ৩ জনের বাড়ি ধাক্কামারা ইউনিয়নের মিঠাপুকুর এলাকায়। তাদের মধ্যে ২ জন পুরুষ ও একজন নারী। তাদের বয়স ৩০-৪৫ বছরের মধ্যে। গাজীপুর ফেরত ওই স্বামী-স্ত্রী গার্মেন্টসকর্মী।

সম্প্রতি তারা গাজীপুর থেকে নিজ গ্রামের বাড়িতে ফিরলে হোম কোয়ারেন্টাইনে ছিলেন। তাদের দ্বারা ওই পরিবারের অবস্থান করা তার শ্যালক আক্রান্ত হন। পরে স্বামী-স্ত্রী ও শ্যালক ওই পরিবারের ৩ জন সদস্যর নমুনা সংগ্রহ করা হয় গত ১৫ জুন।

 বোদা উপজেলার আক্রান্ত একজনের বাড়ি তেঁতুলিয়া উপজেলার সদর ইউনিয়নের আজিজনগর গ্রামে। তার বয়স ৩৬ বছর। তিনি একজন পুরুষ। তিনি বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক মিডওয়াইফের স্বামী।

গত ১৫ জুন ওই স্বাস্থ্য কমপ্লেক্সের মিডওয়াফ করোনায় আক্রান্ত হন। এই ব্যক্তি তার স্ত্রীর দ্বারা আক্রান্ত হয়েছেন বলে জানান বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এসআইএম রাজিউল করিম রাজু।

বর্তমানে তারা বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কোয়াটারে আইসোলেশনে অবস্থান করছে। গত ১৫ জুন তাদের অবস্থান করা কোয়াটারের ইউনিটটি লকডাউন করেছে বোদা উপজেলা স্বাস্থ্য বিভাগ।

গত ৬ জুন তাদের স্বামী-স্ত্রীর নমুনা সংগ্রহ করা হলে ১৫ জুন ওই মিডওয়াইফের ও শুক্রবার তার স্বামীর পজিটিভ এসেছে।

সিভিল সার্জন ডা. মো. ফজলুর রহমান জানান, এ পর্যন্ত জেলায় ১৯৩৫ জনের নমুনা সংগ্রহ করার পর ১৮৫৮ জনের রিপোর্ট এসেছে। তার মধ্যে ১২২ জনের করোনা পজিটিভ এসেছে। জেলার ১২২ জন আক্রান্তের মধ্যে তেঁতুলিয়ায় ১৩ জন, সদরে ৩৯ জন, আটোয়ারীতে ৯ জন, বোদায় ১১ জন এবং দেবীগঞ্জে ৪৭ জন।

ইতিমধ্যে তেঁতুলিয়ায় ৭ জন, সদরে ১৮ জন, আটোয়ারীতে ৫ জন, বোদায় ৭ জন ও দেবীগঞ্জ উপজেলায় ৩৪ জনসহ ৭০ জন করোনা থেকে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন এবং তিনজন করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত