ইংল্যান্ড সফরে দলের সঙ্গে পরে যোগ দেওয়ার ‘বিশেষ’ অনুমতি পেলেন পাকিস্তানি অলরাউন্ডার শোয়েব মালিক। ইংল্যান্ড সফরে তিন ম্যাচের টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজ খেলবে পাকিস্তান। তবে সাবেক অধিনায়ক শোয়েব মালিক শুধু মাত্র টি-টোয়েন্টি খেলেন। তাই পরিবারের সঙ্গে কিছুদিন সময় কাটিয়ে ইংল্যান্ডে যেতে বোর্ডের কাছে অনুমতি চেয়েছিলেন মালিক। যার প্রেক্ষিতে সবুজ সংকেতই পেয়েছেন ৩৮ বছর বয়সী ক্রিকেটার।
দীর্ঘ ৫ মাস স্ত্রী সানিয়া মির্জা ও একমাত্র ছেলে ইজহানের সঙ্গে দেখা হয়নি শোয়েব মালিকের। পাকিস্তান সুপার লিগে (পিসিএল) খেলতে পাকিস্তানে ছিলেন তিনি। করোনাভাইরাসের প্রাদুর্ভাবে আসরটি শেষ হওয়ার আগেই তা স্থগিত রাখার সিদ্ধান্ত হয়। এদিকে ছেলেকে নিয়ে সানিয়া মির্জা ছিলেন ভারতে। লকডাউন শুরু হলে শোয়েব-সানিয়া দুজন আটকা পড়েন দুই দেশে।
এদিকে ইংল্যান্ড সফরের জন্য দল ঘোষণার পর পাকিস্তান বোর্ড সিদ্ধান্ত নেয়, করোনার কারণে ক্রিকেটাররা পরিবার নিয়ে যেতে পারবে না। নিজেদের খরচে গেলেও সিরিজ শেষ হওয়ার আগে দেখা করা যাবে না। শোয়েব মালিক তাই পরে দলের সঙ্গে যোগ দেওয়ার আবেদন জানান।
পিসিবির প্রধান নির্বাহী ওয়াসিম খান এক বিবৃতিতে বলেছেন, এখন আন্তর্জাতিক ভ্রমণে ধীরে ধীরে নিষেধাজ্ঞা উঠছে। মালিক গত কয়েক মাস পরিবারের কাউকে দেখতে পায়নি। ওর মানসিক অবস্থা যাতে ভালো থাকে তাই আমরা মানবিক উদ্যোগ নিয়েছি। পরিবারের সঙ্গে কিছুদিন সময় কাটিয়ে মালিক দলের সঙ্গে যোগ দেবে।
ইংল্যান্ডের বিপক্ষে পাকিস্তানের টেস্ট সিরিজ শুরু হবে ৩০ জুলাই। টি-টোয়েন্টি শুরু হবে ২৯ আগস্ট। বিশেষ বিমানে পাকিস্তান দল ইংল্যান্ডে পৌঁছে প্রথমে ১৪ দিনের কোয়ারেন্টাইন পর্ব পালন করবেন।
