নতুন সংক্রমণে ফিলিস্তিনের দুই শহরে লকডাউন

আপডেট : ২১ জুন ২০২০, ১১:৫০ এএম

ফিলিনিস্তানের পশ্চিম তীরে নতুন করে করোনাভাইরাসের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। পরিস্থিতি সামাল দিতে দুটি শহরে আবার লকডাউন আরোপ করেছে কর্তৃপক্ষ।

করোনাভাইরাসের নতুন সংক্রমণ ছড়িয়ে পড়া শহর দুটি হলো হেবরন ও নাবলুস। শহর দুটিতে সাময়িক সময়ের জন্য আবার লকডাউন দেওয়া হয়েছে বলে শনিবার জানান ফিলিস্তিনের প্রধানমন্ত্রী মুহাম্মাদ শতায়েহ।

“সরকার হেবরন শহরে মানুষের প্রবেশ ও বাহির হওয়া বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তবে পণ্যবাহী যানবাহন কেবল এই নিষেধাজ্ঞার বাইরে থাকবে।”

প্রধানমন্ত্রী জানান, হেবরন পাঁচদিনের জন্য বন্ধ থাকবে। আর নাবলুসে লকডাউন থাকবে ৪৮ ঘণ্টা। দুটো শহরেই করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বাড়ায় এই সিদ্ধান্ত নিয়েছে ফিলিস্তিনি সরকার।

শনিবার হেবরনে নতুন করে ৪৮ জনের সংক্রমণের খবর পাওয়া যায়, তাতে শহরটিতে মোট আক্রান্ত দাঁড়িয়েছে ২৫৮ জন। আর নাবলুসে নতুন আক্রান্ত ২৩ জন।

ফিলিস্তিনের স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, পশ্চিম তীরে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬৮৭ জনে। এর মধ্যে মৃত্যু হয়েছে দুজনের।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত