কুষ্টিয়ায় করোনা আক্রান্ত নারীর মৃত্যু

আপডেট : ২১ জুন ২০২০, ০৩:৩৭ পিএম

কুষ্টিয়া উপজেলার কোর্টপাড়া এলাকায় করোনাভাইরাসে আক্রান্ত রিজিয়া খাতুন (৬৪) নামের এক সরকারি কর্মচারীর মৃত্যু হয়েছে।

রবিবার ভোর সাড়ে ৪টায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ নিয়ে জেলায় করোনা আক্রান্ত ৪র্থ রোগীর মৃত্যু হলো।

মৃত রিজিয়া খাতুন শহরের কোর্টপাড়া এলাকার বাসিন্দা মৃত ফকির মোহম্মদের স্ত্রী ও সদর উপজেলা সমাজসেবা অধিদপ্তরে ইউনিয়ন সমাজকর্মী হিসেবে কর্মরত ছিলেন।

২৫০ শয্যা বিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. তাপস কুমার সরকার বলেন, রিজিয়া খাতুন রবিবার রাত আড়াইটায় জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে আইসোলেশন ওয়ার্ডে ভর্তি হন। তাকে প্রয়োজনীয় চিকিৎসা দেয়া হচ্ছিল। চিকিৎসাধীন অবস্থায় ভোর সাড়ে ৪টায় তিনি মৃত্যুবরণ করেন।

কুষ্টিয়া সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবু রায়হান জানান, সদর উপজেলার ইউনিয়ন সমাজকর্মী রিজিয়া খাতুন গত ১০ দিন যাবত জ্বর,সর্দি কাশি ও শ্বাসকষ্টে ভুগছিলেন।

গত ২০ জুন করোনা সন্দেহে নমুনা সংগ্রহ করে কুষ্টিয়া মেডিকেল কলেজ পিসিআর ল্যবে পরীক্ষার পর ফলাফল পজিটিভ আসে।

মৃতের স্বজনদের অভিযোগ, গতকাল শনিবার সন্ধ্যায় রোগীর করোনা পজিটিভ জানার পর অসুস্থতা আরও বেড়ে যায়। এ সময় তাকে হাসপাতালে নেয়ার জন্য সিভিল সার্জন, হাসপতাল এবং প্রচারিত হট নাম্বারে বার বার ফোন করেও অ্যাম্বুলেন্স বা যানবাহনের কোনো সাহায্য পায়নি।

কুষ্টিয়া সিভিল সার্জন এইচ এম আনোয়ারুল ইসলাম জানান, রবিবার রাতে রিজিয়া খাতুনকে আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়েছিলো। সেখানেই তার মৃত্যু হয়েছে। এখন জেলা স্বাস্থ্য বিভাগ ও প্রশাসনের উদ্যেগে স্বাস্থ্যবিধি মেনে তার দাফন সম্পন্ন করা হবে।

উল্লেখ্য, এর আগে জেলার কুমারখালী ও দৌলতপুর উপজেলায় দুইজন বৃদ্ধ, ভেড়ামারায় এক যুবক এবং সর্বশেষ রবিবার কুষ্টিয়া সদর উপজেলায় মৃত্যু হওয়া রিজিয়া খাতুন ৪র্থ করোনাক্রান্ত রোগী। গতকাল শনিবার সন্ধ্যা পর্যন্ত জেলায় শনাক্তকৃত কভিড-১৯ বা করোনা পজিটিভ রোগীর সংখ্যা ৩৪৯ জন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত