জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) গ্রামীণ এলাকার অবকাঠামো উন্নয়নে সংসদ সদস্যদের জন্য আলাদা বরাদ্দসহ নয় হাজার ৪৬০ কোটি টাকার দশ প্রকল্পের চূড়ান্ত অনুমোদন দিয়েছে।অনুমোদিত প্রকল্পের মধ্যে ছয়টি নতুন এবং চারটি সংশোধিত প্রকল্প রয়েছে।
রোববার রাজধানীর শেরে বাংলা নগর এনইসি সভাকক্ষে একনেক চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত একনেক সভায় এসব প্রকল্প অনুমোদন দেওয়া হয়।
প্রধানমন্ত্রী ও পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান গনভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সভায় যুক্ত হন।
সভাশেষে পরিকল্পনামন্ত্রী এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে প্রকল্পের বিষয়ে বিস্তারিত তুলে ধরেন।
তিনি জানান, প্রকল্প ব্যয়ের পুরোটাই সরকারের নিজস্ব তহবিল থেকে অর্থায়ন করা হবে।
গ্রামীণ এলাকার অবকাঠামো উন্নয়নের জন্য একনেকে অনুমোদিত ‘অগ্রাকিারভিত্তিতে গুরুত্বপূর্ণ পল্লী অবকাঠামো প্রকল্প-৩’ এর আওতায় ২৮০ সংসদ সদস্যের প্রত্যেকের জন্য আলাদাভাবে ২০ কোটি টাকা করে বরাদ্দ রাখা হয়েছে। প্রকল্পটি বাস্তবায়নে মোট ৬ হাজার ৪৭৬ কোটি ৬৫ লাখ টাকা ব্যয় হবে। প্রত্যেক সংসদ সদস্য প্রতিবছর ৫ কোটি টাকা ব্যয় করতে পারবেন।
পরিকল্পনামন্ত্রী এ বিষয়ে বলেন, প্রধানমন্ত্রী অগ্রাধিকারভিত্তিতে প্রকল্পটি অনুমোদন দিয়েছেন। এর কারণ তিনি গ্রাম উন্নয়নকে সবচেয়ে বেশি গুরুত্ব¡ দিচ্ছেন। শহরের সুবিধা গ্রামে নিয়ে যেতে কাজ করছেন। প্রকল্পটি মানসম্মত উপায়ে বাস্তবায়নের জন্য প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন বলে তিনি জানান।
গ্রামীণ উন্নয়নকে মাথায় রেখে প্রকল্পটি নেওয়া হয়েছে বিধায় সিটি করপোরেশন এলাকার সংসদীয় আসনের এমপিরা এই প্রকল্পের বাইরে থাকছেন। সুনির্দিষ্ট এলাকা নেই বলে সংরক্ষিত নারী আসনের এমপিরাও নেই এই প্রকল্পে। প্রকল্পটি চলতি বছরের জুলাইয়ে শুরু হয়ে ২০২৪ সালের জুন মেয়াদে বাস্তবায়ন করবে স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতর। প্রকল্পটি বাস্তবায়নের মধ্য দিয়ে প্রত্যন্ত পল্লী অঞ্চলের সঙ্গে নিকটবর্তী গ্রোথ সেন্টার, স্বাস্থ্যকেন্দ্র, শিক্ষাকেন্দ্র, শিক্ষাপ্রতিষ্ঠান ও অন্যান্য সেবাদানকারী প্রতিষ্ঠানসহ উপজেলা ও জেলার যাতায়াত সুবিধা বাড়ানো হবে। ফলে পল্লী অঞ্চলে আধুনিক নগর সুবিধা সম্প্রসারণ হবে।
খবর: বাসস।
