দেশজুড়ে সাইবার হামলা চালানো হতে পারে বলে সতর্কতা জারি করেছে ভারতের কেন্দ্রীয় তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়।
রবিবার মন্ত্রণালয়ের অধীনস্থ সংস্থা ‘কম্পিউটার এমারজেন্সি রেসপন্স টিম’ (সিইআরটি) টুইটারে একটি সতর্কবার্তা জারি করেছে।
এতে কোনও দেশ বা সংগঠনের নাম উল্লেখ না করে বলা হয়েছে, সাইবার দুষ্কৃতীরা ‘ফিশিং ক্যাম্পেনিংয়ের’ সাহায্যে হামলা চালাতে পারে।
অন্যদিকে, দক্ষিণ-পূর্ব এশিয়ার সাইবার নজরদারি সংস্থা (সাইবার সিকিওরিটি ভেন্ডর) ‘সাইফার্মাকে’ উদ্ধৃত করে রবিবার প্রকাশিত একটি খবরে বলা হয়েছে, চীনের পিপলস লিবারেশন আর্মির সমর্থিত অন্তত দু’টি হ্যাকার-গোষ্ঠী ভারতের বিভিন্ন সরকারি-বেসরকারি সংস্থা ও সংবাদমাধ্যমের ওয়েবসাইটে হামলার পরিকল্পনা করেছে।
গথিক পান্ডা এবং স্টোন পান্ড গোষ্ঠীর হ্যাকাররা এই কৌশলে ভারতে সাইবার হামলার জন্য সক্রিয় হয়েছে বলে সাইফার্মার চেয়ারম্যান এবং সিইও কুমার রীতেশ জানিয়েছেন। তিনি বলেন, এই দুটি সংস্থার হ্যাকারেরা আগেও বিভিন্ন দেশে সাইবার হামলা চালিয়েছে।
ভারতের পাশাপাশি সিঙ্গাপুর, জাপান, দক্ষিণ কোরিয়া এবং আমেরিকাতেও এবার এই হামলার সম্ভাবনা রয়েছে বলে জানান তিনি। ডার্ক ওয়েব পদ্ধতিতে হতে পারে হামলা। ফলে হ্যাকারদের আইপি অ্যাড্রেস সহজে চিহ্নিত করা যাবে না।
