সাভারের আশুলিয়ায় ঘুমের ওষুধ খাইয়ে নয় বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। পুলিশ বলছে, গত শনিবার ইয়ারপুর কোন্ডলবাগ এলাকার ওই ঘটনায় রাতেই বকুল মিয়া (৪০) নামে এক রিকশাচালককে আটক করা হয়। অভিযুক্ত বকুল নাটোর জেলার লালপুর এলাকার বাসিন্দা। পেশায় রিবশাচালক। আশুলিয়ার ওই এলাকায় ফারুক মিয়ার বাড়িতে ভাড়া থাকে সে।
পুলিশ জানায়, ধর্ষণের শিকার শিশুটির বাবা-মা দুজনই পোশাক কারখানায় কাজ করেন। প্রতিদিনের মতো শনিবারও দুই শিশুকে বাড়িতে রেখে কাজে যান তারা। এই সুযোগে পাশের কক্ষের ভাড়াটে বকুল মিয়া কৌশলে শিশুদের ঘুমের ওষুধ খাওয়ায়। পরে তাদের একজনকে ধর্ষণ করে বলে অভিযোগ পাওয়া যায়। এরপর বাবা-মা ফেরার পর সব ঘটনা খুলে বলে ভুক্তভোগী শিশুটি। একপর্যায়ে বিষয়টি জানাজানি হলে অন্য ভাড়াটেরা বকুলকে আটক করে পুলিশে সোপর্দ করে।
আশুলিয়া থানার এসআই সামিউল ইসলাম দেশ রূপান্তরকে জানান, ধর্ষণের শিকার শিশুটিকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠানো হয়েছে। এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে একটি মামলা করেন।
