মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় নতুন করে চিকিৎসকসহ ৪ জনের করোনা শনাক্ত হয়েছে। করোনা আক্রান্তদের মধ্যে উপজেলার শমশেরনগরে ২ জন, পৌর এলাকার পানিশালা গ্রামে ১ জন ও রহিমপুর ইউপির বিষ্ণপুর গ্রামে ১ জন।
কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহবুবুল আলম ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, রোববার রাতে নতুন করে ৪ জনের করোনা পজেটিভ রিপোর্ট আসে। সোমবার দুপুরে আক্রান্তদের বাড়ি লকডাউন করে আইসোলেশনে থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।
তিনি আরো বলেন, আক্রান্তদের মধ্যে ১ জন হলেন আমাদের উপজেলা স্বাস্থ্য কমপেক্সের ডাক্তার, তিনি উপজেলার করোনা ইউনিটের কাজ করেছিলেন। এছাড়াও তিনি করোনা আক্রান্ত রোগীদের বাসা লকডাউন ও নমুনা সংগ্রহ কাজের দায়িত্বে ছিলেন।
কমলগঞ্জে এ নিয়ে ৩৮ জন করোনা শনাক্ত হয়েছেন। এর মধ্যে নিজ বাড়িতে আইসোলেশনে থেকে ১৬ জন সুস্থ্য হয়েছেন।
