যুগ্ম-সচিব, উপসচিবসহ ২০০ কর্মকর্তার যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়ায় প্রশিক্ষণ কর্মসূচি স্থগিত করা হয়েছে। সোমবার এক অফিস আদেশে এ তথ্য জানায় জনপ্রশাসন মন্ত্রণালয়।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের ‘বিসিএস ক্যাডার কর্মকর্তাদের সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে সরকারকে শক্তিশালীকরণ (দ্বিতীয় পর্যায়)’ শীর্ষক প্রকল্পের আওতায় ২০১৯-২০ অর্থবছরে এদের বিদেশে প্রশিক্ষণে যাওয়ার কথা ছিল।
আদেশে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের ডিউক সেন্টার ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট (ডিসিআইডি), স্যানফোর্ড স্কুল অব পাবলিক পলিসি এবং ডিউক ইউনিভার্সিটিতে প্রশিক্ষণের জন্য যুগ্ম-সচিব ও সমপর্যায়ের ১০০ কর্মকর্তা মনোনীত হয়েছিলেন।
এদের মধ্যে প্রথম ব্যাচে ৫০ জনের ১ থেকে ১২ জুন পর্যন্ত এবং দ্বিতীয় ব্যাচে বাকী ৫০ জনের ১৫ থেকে ২৬ জুন পর্যন্ত প্রশিক্ষণ নিতে যাওয়ার কথা ছিল।
অন্য দিকে একই প্রকল্পের আওতায় উপসচিব ও সমপর্যায়ের ১০০ জন কর্মকর্তাকে অস্ট্রেলিয়ার ম্যাককোয়াইর (Macquarie) ইউনিভার্সিটিতে প্রশিক্ষণের জন্য মনোনীত করা হয়েছিলেন।
তাদের মধ্যে প্রথম ব্যাচের ৫০ জনের ২৯ জুন থেকে থেকে ১৭ জুলাই এবং দ্বিতীয় ব্যাচে বাকী ৫০ জনের ১ থেকে ১৯ জুন পর্যন্ত প্রশিক্ষণ নেওয়ার কথা ছিল।
নভেল করোনাভাইরাসের বৈশ্বিক পরিবর্তিত পরিস্থিতির কারণে দুটি প্রশিক্ষণ প্রোগ্রামই পুনরাদেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করা হয়েছে।
