নভেল করোনাভাইরাস থেকে বাঁচতে শুরু থেকেই সাবান দিয়ে হাত ধোয়া ও সামাজিক দূরত্বের কথা বলে আসছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা-ডব্লিউএইচও। কভিড-১৯ মোকাবিলায় এই মূলমন্ত্র সোমবার আবারও মনে করিয়ে দিল সংস্থাটি।
তবে করোনা রোধে প্রচারণা চালাতে তারা কাজে লাগিয়েছে বিশ্ববিখ্যাত কৌতুক চরিত্র মিস্টার বিনের কার্টুনকে। প্রজেক্ট এভরিওয়ান এবং টাইগার অ্যাসপেক্ট প্রোডাকশনের সঙ্গে যৌথভাবে নির্মিত একটি কার্টুন সংস্থাটির ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।
কার্টুনটির নাম দেয়া হয়েছে 'মিস্টার বিনস এসেনশিয়াল কভিড-১৯ চেকলিস্ট'। করোনা মোকাবিলায় মিস্টার বিন কী করছেন সেটি কার্টুনটি দেখলেই বোঝা যাবে।
এতে দেখানো হয়েছে, মরণঘাতী ভাইরাস থেকে বাঁচতে সাবান দিয়ে নিয়মিত হাত ধুতে হবে, সামাজিক দূরত্ব মেনে চলতে হবে এবং প্রতিবেশীর খেয়াল রাখতে হবে।
সেইসসঙ্গে কীভাবে স্বাস্থ্যকর জীবনযাপন করতে হবে এবং কভিড-১৯ এর উপসর্গের বিষয়গুলোও এতে উঠে এসেছে।
এই প্রসঙ্গে ডব্লিউএইচও জানায়, করোনা থেকে রেহাই পেতে গুরুত্বপূর্ণ কিছু জিনিস মনে করিয়ে দেয়া হয়েছে মিস্টার বিনের এই কার্টুনের মাধ্যমে।
ডব্লিউএইচও প্রধান তেদ্রোস আধানম গেব্রিয়াসুস বলেন, কভিড-১৯ পৃথিবীর প্রতিটি মানুষের জীবনে প্রভাব ফেলেছে। আমাদের উচিত এটি সম্পর্কে জানা এবং এটি থেকে রেহাই পেতে তথ্যগুলো সবার সঙ্গে শেয়ার করা। মিস্টার বিনকে নিয়ে এই কাজের জন্য চরিত্রটির পুরো টিম দারুণভাবে আমাদের সহযোগিতা করেছে।
