করোনাকালীন পরিস্থিতিতে মানসিক চাপ, ভয়, দুশ্চিন্তা, উদ্বেগের ফলে শারীরিক অসুস্থতার কারণে মানসিক অবনতি হচ্ছে তাই সরকারি কর্মসূচিতে মানসিক স্বাস্থ্য খাতে বরাদ্দের দাবি জানিয়েছেন, স্বাস্থ্য অধিকার ইস্যুতে কর্মরত অধিপরামর্শমূলক মোর্চা ‘মেন্টাল হেলথ অ্যাডভোকেসি এসোসিয়েশন।
সোমবার বিভাগীয় কমিশনার এ বি এম আজাদ-এর মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেন মেন্টাল হেলথ অ্যাডভোকেসি এসোসিয়েশনের সভাপতি শরীফ চৌহান, সাধারণ সম্পাদক মোস্তফা কামাল যাত্রা।
এ সময় আরো উপস্থিত ছিলেন উৎস’র কর্মসূচি সমন্বয়কারী মুহাম্মদ শাহ্ আলম ও মনিটরিং কর্মকর্তা আবুল হাসেম খান।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, করোনার এই সময়ে মানুষের মানসিক স্বাস্থ্য ব্যাহত হচ্ছে মারাত্মকভাবে। এসব মানসিক সমস্যায় ব্যক্তি জীবনের ভারসাম্যতা যেমন নষ্ট হচ্ছে, অন্যদিকে পরিবারে পড়ছে এর নেতিবাচক প্রভাব। যার ফলে সামাজিক অপরাধ সংঘটিত হওয়া এমনকি ব্যক্তির মাদকাসক্তি, আত্মহত্যার প্রবণতা তৈরী হওয়ার সম্ভাবনাসহ, পারিবারিক সহিংসতা, কিশোর অপরাধ প্রবণতা বৃদ্ধি ঘটছে। তাই নারী-পুরুষ ও প্রবীণ ব্যক্তিসহ সকলের মানসিক স্বাস্থ্য সুরক্ষায় কোভিড-১৯ পরিস্থিতি মোকাবেলায় সরকারের গৃহিত সকল কর্মসূচিতে মানসিক স্বাস্থ্যকে গুরুত্ব প্রদান এবং যৌক্তিক হারে অর্থ বরাদ্দ রাখা প্রয়োজন।
স্মারকলিপিতে শিক্ষা, স্বাস্থ্য ও সংস্কৃতি মন্ত্রণালয় করোনা উত্তর মানসিক স্বাস্থ্য বিপর্যয় রোধে দক্ষ মনোসামাজিক স্বাস্থ্যসেবাকর্মী গড়ে তোলার জন্য বিদ্যায়তনিক পাঠ নিশ্চিতকরণ, নাট্য, বিজ্ঞানধর্মী মনোবিশ্লেষক স্বাস্থ্যসেবা প্রদানের জন্য মনোবিশ্লেষক নাট্যক্রিয়ায় প্রনোদনা প্রদান ও পেশাদারী মনোভাব নিয়ে সম্পৃক্ত হওয়ার সুযোগ সৃষ্টির পদক্ষেপ নেওয়া ও যৌক্তিক হারে অর্থ বরাদ্দের দাবিও জানানো হয়।
