ইংল্যান্ড সফরে আগে করোনায় আক্রান্ত তিন পাকিস্তানি ক্রিকেটার

আপডেট : ২২ জুন ২০২০, ১১:৫৯ পিএম

ইংল্যান্ড সফরের আগে বড় ধাক্কা খেল পাকিস্তান ক্রিকেট দল। একসঙ্গে তিন ক্রিকেটারের শরীরে করোনাভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে।

এই তিন ক্রিকেটার হলেন- শাবাদ খান, হারিস রউফ ও তরুণ তারকা হায়দার আলি। সোমবার পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) পক্ষ থেকে এই তিন ক্রিকেটারের করোনা পজিটিভ হওয়ার কথা নিশ্চিত করা হয়।

ইংল্যান্ড সফরে যাওয়ার আগে নির্বাচিত ক্রিকেটারদের করোনা টেস্ট করানো বাধ্যতামূলক ছিল। সেই হিসেবে স্কোয়াডে ডাক পাওয়া ক্রিকেটারদের করোনা টেস্ট করানোর সিদ্ধান্ত নেয় পিসিবি। রবিবার রাওয়ালপিন্ডিতে পাঁচজন ক্রিকেটারের করোনা টেস্ট করানো হয়। যাদের মধ্যে তিনজনের ফল পজিটিভ আসে।

তাবে তাদের কারো মধ্যেই করোনার কোনো উপসর্গ ছিল না। ইমাদ ওয়াসিম ও উসমান শিনওয়ারিরও করোনা টেস্ট করানো হয়েছিল রাওয়ালপিন্ডিতে। তাদের নমুনা নেগেটিভ এসেছে।

শাদাব, রউফ ও হায়দারের সংস্পর্শে আসা খেলোয়াড়দের ‘শেলফ আইসোলেশন’-এ যাওয়ার পরামর্শ দিয়েছে পিসিবি। তবে একসঙ্গে এখনো অনুশীলন করেনি বলে পুরো দলের ‘শেলফ আইসোলেশন’ এর প্রয়োজন পড়বে না।

তিন ম্যাচের টেস্ট ও সমান সংখ্যক টি-টোয়েন্টি খেলতে ২৮ জুন ইংল্যান্ডের উদ্দেশ্যে রওনা হওয়ার কথা পাকিস্তান ক্রিকেট দলের।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত