করোনা কেড়ে নিল ইরাকের কিংবদন্তিকে

আপডেট : ২৩ জুন ২০২০, ০৬:৫৩ এএম

ইরাকের ফুটবল কিংবদন্তি আহমেদ রাধি করোনাভাইরাসে মারা গেছেন। অসংখ্য ম্যাচ জয়ের নায়ক ৫৬ বছর বয়সেই চলে গেলেন পৃথিবী থেকে।

ইরাকের হয়ে ১২১টি আন্তর্জাতিক ম্যাচে ৬২ গোল করা রাধি কিছুদিন আগেই কভিড-১৯-এ আক্রান্ত হয়েছিলেন তিনি। হাসপাতালে ভর্তি হয়েছিলেন। সেখান থেকে ছাড়া পেয়ে বাড়িতেও ফিরেছিলেন। কিন্তু বাড়িতেই আবারও শ্বাসকষ্ট দেখা দেয় তার। আকাশপথে তাকে জর্ডানে উন্নত চিকিৎসার জন্য নিয়ে যাওয়ারও চেষ্টা হয়েছিল। কিন্তু রবিবার উড়োজাহাজে ওঠার আগেই তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। রাধির মৃত্যুতে শোকস্তব্ধ ইরাক। দেশটির ক্রীড়ামন্ত্রী এক বিবৃতিতে বলেছেন, ‘ইরাক তার দেশের অন্যতম সেরা এক সন্তানকে হারিয়েছে।’

ইরাকের ফুটবল ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড় বলা হয় রাধিকে। খেলেছেন বিশ্বকাপও। ১৯৮৬’র মেক্সিকো বিশ্বকাপে বেলজিয়ামের বিপক্ষে তার গোল চিরস্মরণীয় করে রেখেছে ইরাকের ফুটবলে। ১৯৮৮ সালে রাধি এশিয়ার সেরা ফুটবলার নির্বাচিত হয়েছিলেন। আর কোনো ইরাকি ফুটবলারই এই সম্মান পাননি। ১৯৯৯ সালে এশিয়ার শতাব্দী সেরা ফুটবলারদের তালিকায় নবম স্থানে ছিলেন এই তারকা ফুটবলার। বিশ্বকাপের পাশাপাশি ১৯৮৮ সালে সিউল অলিম্পিকেও দেশকে প্রতিনিধিত্ব করেছেন। ১৯৮৪ ও ১৯৮৮ ইরাকের গালফ কাপ বিজয়ে তার ছিল গুরুত্বপূর্ণ অবদান। ঘরোয়া ফুটবল খেলেছেন আল রশিদ ও আল জাওরার হয়ে ১৭ বছরের ক্লাব ক্যারিয়ারে ৩৪০টি ম্যাচ খেলেছেন। গোল করেছেন দুই শতাধিক। ১৯৯৭ সালে বর্ণাঢ্য ক্যারিয়ার শেষ করেন তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত