দুমকিতে বাবা-ছেলেকে কুপিয়েছে প্রতিবেশী

আপডেট : ২৩ জুন ২০২০, ০৭:২২ এএম

পটুয়াখালীর দুমকিতে বাবা-ছেলেকে ভাড়াটে সন্ত্রাসী দিয়ে কুপিয়ে জখম করেছেন প্রতিবেশী। বুকে-পেটে ও ঘাড়ে গুরুতরভাবে কোপানো খলিল গাজী (৪৫) ও হাবিব গাজী (১৭) নামের বাবা-ছেলেকে প্রথমে উপজেলা হাসপাতালে এবং পরে বরিশাল শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। কিন্তু শেবাচিম হাসপাতালের চিকিৎসকরা খলিলের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকায় স্থানান্তর করেন। গত রবিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের গাজীবাড়ি সংলগ্ন রাস্তায় আলাউদ্দিন ওরফে আলো খাঁর ভাড়াটে সন্ত্রাসীরা এ হামলা চালায়।

আহতদের পরিবার ও স্থানীয়রা জানায়, উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের বাসিন্দা পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কর্মচারী খলিল গাজীর সঙ্গে প্রতিবেশী আলাউদ্দিন ওরফে আলো খাঁর গরুর ঘাস খাওয়াকে কেন্দ্র করে ঝগড়া চলছিল। এর জের ধরে রবিবার সন্ধ্যায় শহর থেকে বাবা-ছেলে গ্রামের বাড়ি ফেরার পথে আলাউদ্দিন আলো খাঁর নেতৃত্বে ৪-৫ জনের ভাড়াটে সন্ত্রাসী তাদের এলোপাতাড়ি কোপায়।

দুমকি থানার ওসি মেহেদী হাসান বলেন, এ ঘটনায় আলাউদ্দিনের স্ত্রী খালেদা বেগমকে (৪০) আটক করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে জব্দ করেছে বেশ কয়েকটি ধারালো অস্ত্র।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত