ভারতের আসাম রাজ্যের ধুবড়িতে লকডাউনের সময় আটকে পড়া কুড়িগ্রামের চিলমারীর ২৬ জন অধিবাসীকে দ্রুত ফিরিয়ে আনার দাবি জানিয়েছে ভারত-বাংলাদেশ গণসংহতি। মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে এ দাবি জানায় তারা।
এ সময় মানববন্ধনে ভারত-বাংলাদেশ গণসংহতির আহ্বায়ক তপন সাহা বলেন, বৈধ পাসপোর্ট ও তিন মাস মেয়াদের ভ্রমণ ভিসায় ভারতের আসাম রাজ্যের জোরহাট এলাকায় গিয়ে আটকে পড়া কুড়িগ্রামের চিলমারীর উপজেলার রমনা ইউনিয়নের ব্যাপারিপাড়া গ্রামের ২৬ জন অধিবাসীর সবাই সেখানকার ধুবড়ি জেলা কারাগারে আছেন। আগামী ২৬ জুন তাদের কোর্টে নেওয়া হবে। এর আগেই বাংলাদেশের স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে আমাদের দাবি, আলোচনার মধ্য দিয়ে তাদের ফিরিয়ে আনতে হবে।
মানববন্ধনে বক্তারা বলেন, যদি আগামী ২৬ জুনের মধ্যে তাদের ফিরিয়ে আনার ব্যবস্থা না করা হয় তাহলে আমরা কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবো। প্রয়োজনে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ও ভারতীয় হাইকমিশন ঘেরাওয়ের মতো কর্মসূচি দেওয়া হবে। আমরা চাই ভারত ও বাংলাদেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে সেটি বজায় থাকুক। সেজন্য আলোচনার মাধ্যমে ওই ২৬ জনকে ফিরিয়ে আনার দাবি জানাচ্ছি।
মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন- ভারত-বাংলাদেশ সদস্য সচিব বাচ্চু মিয়া, গ্রীন বাংলা গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশনের সাধারণ সম্পাদক মো. ইলিয়াস, কাজী আব্দুল মোতালেব জুয়েল প্রমুখ।
