পর্যটন এলাকায় পর্যটকদের নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্য অবস্থান নিশ্চিতে পর্যটন পুলিশ আধুনিকায়ন করতে নির্দেশ দিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ। গতকাল মঙ্গলবার পুলিশ সদর দপ্তরে কনফারেন্স রুমে ট্যুরিস্ট পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে এক সভায় তিনি এ কথা বলেন।
বিশ্বের বিভিন্ন উন্নত ও পর্যটননির্ভর দেশের ট্যুরিস্ট পুলিশের কার্যক্রম বিশ্লেষণ করে বাংলাদেশের ট্যুরিস্ট পুলিশের উপযোগী একটি আধুনিক কর্মপন্থা নিরূপণের নির্দেশনা দেন আইজিপি।
তিনি ট্যুরিস্ট পুলিশের অফিসার ও ফোর্সের দেশে-বিদেশে আধুনিক প্রশিক্ষণ আয়োজনেরও নির্দেশ দেন। বিভিন্ন দেশের ট্যুরিস্ট পুলিশের সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষা, সমন্বয় ও আঞ্চলিক সম্মেলন আয়োজনেরও নির্দেশ দেন তিনি।
