মানিকগঞ্জ সদর উপজেলায় প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপবৃত্তির ২১ লক্ষ ৫১ হাজার টাকার চেক বিতরণ করা হয়েছে।
বুধবার দুপুরে মানিকগঞ্জ সদর উপজেলা অফিসার্স ক্লাব মিলনায়তনে তিনজন শিক্ষার্থীর হাতে চেক তুলে দিয়ে চেক হস্তান্তর কাজের উদ্বোধন করেন জেলা প্রশাসক এস এম ফেরদৌস।
এ সময় আরো উপস্থিত ছিলেন স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক ফৌজিয়া খান, মানিকগঞ্জ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ইসরাফিল হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইকবাল হোসেন, জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান ও মানিকগঞ্জ সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা লাভলী খানম।
অনুষ্ঠানে প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও উচ্চতর এই চারটি স্তরের মোট ২২৬ জন প্রতিবন্ধি শিক্ষার্থীকে মানিকগঞ্জ সদর উপজেলা সমাজসেবা কার্যালয়ের মাধ্যমে শিক্ষা উপবৃত্তি দেওয়া হচ্ছে। প্রাথমিক স্তরের ১৪৩ জনকে ৭৫০ টাকা হিসেবে ১২ মাসের জন্য মোট ১২ লক্ষ ৮৭ হাজার, মাধ্যমিক স্তরের ৬৭ জনকে ৮০০ টাকা হিসেবে ৬ লক্ষ ৪৩ হাজার ২০০ টাকা, উচ্চমাধ্যমিক স্তরের ৬ জনকে ৯০০ টাকা হিসেবে ৬৪ হাজার ৮০০ টাকা এবং উচ্চতর স্তরের ১০জনকে ১৩০০ টাকা ১ লক্ষ ৫৬ হাজার টাকা দেওয়া হচ্ছে।
