কভিড-১৯ মহামারীর পরিপ্রেক্ষিতে বিএনপির সাংগঠনিক কার্যক্রম/সাংগঠনিক গঠন ও পুনর্গঠন কার্যক্রমে স্থগিতাদেশ আগামী ১৫ জুলাই পর্যন্ত বাড়ানো হয়েছে। ১৬ জুলাই থেকে সীমিত পরিসরে এসব কার্যক্রম চালু হবে। গতকাল বুধবার দপ্তরের দায়িত্বপ্রাপ্ত যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এর আগে ২৫ জুন (আজ) পর্যন্ত সাংগঠনিক কার্যক্রম স্থগিত করা হয়েছিল। এ স্থগিতাদেশ আগামী ১৫ জুলাই বুধবার পর্যন্ত বর্ধিত করা হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা নির্দেশিত স্বাস্থ্য সুরক্ষা বিধি এবং সামাজিক দূরত্ব অনুসরণ করে দলের সাংগঠনিক কার্যক্রম/সাংগঠনিক গঠন ও পুনর্গঠন কার্যক্রম ১৬ জুলাই বৃহস্পতিবার থেকে পর্যায়ক্রমে সীমিত আকারে শুরু করা হবে।
