শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মাহির চৌধুরীর বিরুদ্ধে প্রশাসনের দায়ের করা ডিজিটাল নিরাপত্তা আইনের মামলা প্রত্যাহার করার আবেদন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার মো. ইশফাকুল হোসেন দেশ রূপান্তরকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ‘বৃহস্পতিবার সাড়ে ১১ টায় মাহির চৌধুরীর বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের একটি কপি সিলেটের জালালাবাদ থানায় পাঠানো হয়েছে।’
জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অকিল উদ্দিন বলেন, ‘বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ থেকে মামলা প্রত্যাহারের বিষয়ে একটি আবেদন পত্র পেয়েছি। আমরা সেটা আদালতে পাঠাব। আদলত বাকি বিষয়টি দেখবে।’
গত ১৫ জুন প্রয়াত সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমকে নিয়ে ফেসবুকে ‘আপত্তিকর’ মন্তব্য করার অভিযোগ এনে সিলেটের জালালাবাদ থানায় অর্থনীতি বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মাহির চোধুরীর বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বাদী হয়ে মামলা করেন রেজিস্ট্রার মো. ইশফাকুল হোসেন।
মামলা দায়েরের পর থেকেই নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অনলাইনে সরব হয়ে উঠেন সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা।
তাদের টানা আন্দোলনের মুখে ১০ দিনের মাথায় মামলা প্রত্যাহার করার আবেদন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
