লকডাউনের নিয়ম ভাঙায় গাড়ি বাজেয়াপ্ত রবিন সিংয়ের

আপডেট : ২৫ জুন ২০২০, ১০:২০ পিএম

করোনাভাইরাসের কারণে ভারতজুড়ে জারি থাকা লকডাউনের নিয়ম ভেঙে নেতিবাচক খবরে শিরোনাম হতে হলো দেশটির সাবেক অলরাউন্ডার রবিন সিংকে। আইন ভাঙায় চেন্নাইয়ে তার গাড়ি বাজেয়াপ্ত করেছে পুলিশ। আর্থিক জরিমানাও গুনতে হয়েছে ৫৬ বছর বয়সী ক্রিকেটারকে।

১৯ জুন থেকে চেন্নাইয়ে ১২ দিনের কড়া লকডাউন চলছে। সংবাদ সংস্থা আইএএনএসকে পুলিশের এক ঊর্ধ্বতন কর্তা জানিয়েছেন, ইস্ট কোস্ট রোডে শনিবার সকালে গাড়ি চালাচ্ছিলেন রবিন সিং। কিন্তু তার কাছে কোনো বৈধ ই-পাস ছিল না। গাড়ি নিয়ে বের হওয়ার মতো জরুরি কোনো প্রয়োজনও দেখাতে পারেননি ভারতের হয়ে ১৯৯৯ বিশ্বকাপ খেলা তারকা।  

চেন্নাইয়ের আদায়ার থেকে উথাণ্ডিতে শাক-সবজি কিনতে গিয়ে গাড়ি নিয়ে গিয়েছিলেন রবিন। নিজের বাড়ি থেকে দু কিলোমিটারের বেশি গাড়ি করে ঘুরে বেড়িয়েছেন। তাই রবিন সিংয়ের গাড়ি আটক করা হয়।

ভারতের হয়ে ১টি টেস্ট ও ১৩৬টি ওয়ানডে ম্যাচ খেলা রবিন সিং দুই সংস্করণে যথাক্রমে ২৭ ও ২৩৩৬ রান করেন। ওয়ানডেতে ৬৯ উইকেটও রয়েছে তার। ক্রিকেট ছাড়ার পর কোচিংয়ে মনোনিবেশ করেন রবিন। যেখানে বেশ সফলও তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত