পরিবারকে না বলে আজানার পথে বেরিয়ে পড়া চার শিশুকে কুয়াকাটা থেকে উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার বিকেলে তাদের নিজ নিজ পরিবারে কাছে হস্তান্তর করা হয়।
এর আগে, নিয়মিত টহলের সময় বৃহস্পতিবার রাত সাড়ে আটটায় এ চার শিশুকে উদ্ধার করে মহিপুর থানা পুলিশের এস আই সাইদুর রহমান।
উদ্ধারকৃত শিশুরা হলো- কামরাঙ্গীরচর এলাকার সুমাইয়া (১৩), তাসিব (১৩) এবং কেরানীগঞ্জ এলাকার ইয়াসিন (১৬) ও ইব্রাহিম (১৬)।
থানা পুলিশ সূত্র জানায়, সুমাইয়া ২২ জুন সকালে নানির লকার ভেঙে টাকা নিয়ে প্রতিবেশী তাসিবকে নিয়ে বেরিয়ে পড়ে অজনার পথে। ঢাকার বিভিন্ন এলাকা ঘুরে ওইদিন রাতে তারা শরীয়তপুরগামী লঞ্চে ওঠে। এসময় লঞ্চে ইয়াসিন ও ইব্রাহিমের সাথে আদের সখ্যতাসহ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠে। পুনরায় ঢাকা ঘুরে এ চার শিশু লঞ্চযোগে সমুদ্র সৈকত কুয়াকাটায় এসে উপস্থিত হয়। আশ্রয় নেয় একটি আবাসিক হোটেলে। টাকা শেষ হয়ে গেলে খাবারসহ যাতায়াতের টাকা সংগ্রহের জন্য তারা মোবাইলসহ ট্যাব বিক্রি করতে গিয়ে টহল পুলিশের নজরদারিতে আসে। টহল পুলিশের আন্তরিকতায় শিশুরা এসময় সত্য ঘটনা খুলে বলে।
মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুজ্জামান জানান, শিশু বান্ধব পরিবেশে পরিসেবাসহ তাদের সংশ্লিষ্ট থানায় যোগাযোগ করে নিজ নিজ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ভবিষ্যতে তারা যেন আর এ ধরনের কাজ না করে এমন কাউন্সিলিংও তাদের সাথে করা হয়েছে।
