সাতক্ষীরায় পাচারকালে কাবিখা প্রকল্পের ৪০ মেট্রিক টন গম জব্দ

আপডেট : ২৭ জুন ২০২০, ০৮:৪৮ এএম

সাতক্ষীরা জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচি (কাবিখা) প্রকল্পের কাজ না করে পাচারের সময় ৪০ মেট্রিক টন (৬৫৫ বস্তা) সরকারি গম জব্দ করা হয়েছে।

সাতক্ষীরার পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান জানান, সাতক্ষীরা শহরের বাঁকাল চেকপোস্ট ও পাটকেলঘাটার একটি গোডাউনে বৃহস্পতিবার রাত থেকে পুলিশ অভিযান চালিয়ে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত এসব গম জব্দ করে। আটক গমের মূল্য ১২ লাখ ১৮ হাজার টাকা।

সাতক্ষীরা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মীর্জা সালাউদ্দীন জানান, কালিগঞ্জ উপজেলার ৭টি ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে রাস্তার কাজ না করেই বরাদ্দকৃত গম পাচারের উদ্দেশ্যে কালিগঞ্জ খাদ্য গুদাম থেকে সাতক্ষীরা অভিমুখে আসছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে তার নেতৃত্বে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ওসি মহিদুল ইসলামসহ সঙ্গীয় ফোর্স নিয়ে বাঁকাল এলাকা থেকে এক ট্রাক এবং পাটকেলঘাটার একটি গোডাউন থেকে আরও এক ট্রাক গম জব্দ করা হয়। আর এসব সরকারি গম ক্রয় করেন পাটকেলঘাটার মুকুন্দ ফ্লাওয়ার এন্ড ডাউল মিলের মালিক গোবিন্দ সাধু।

অতিরিক্ত পুলিশ সুপার মীর্জা সালাউদ্দীন আরও জানান, সরকারি গম পাচারের সাথে জড়িত থাকার অভিযোগে পুলিশ কালিগঞ্জের তারালি ইউনিয়নের ৮নং ওয়ার্ড মেন্বর শহিদুল ইসলাম, আব্দুল খালেক ঘোরামি, লিয়াকত আলী ও আব্দুল গনিকে আটক করেছে। এছাড়া এর সাথে জড়িত আরও ২জন পালিয়ে গেছে । তাদের আটকের চেষ্টা চলছে।

এ ঘটনায় বিকেলে দুদুকের খুলনা সমন্বিত কার্যালয়ের ইন্সেপেক্টর নীল কমল পাল ও বিজন কুমার এসে সাতক্ষীরা থানায় একটি মামলা দায়ের করেন।

এদিকে, কালিগঞ্জ উপজেলার নলতার স্থানীয় যুবলীগ কর্মী সাইফুল ইসলাম টুটুল জানান, কালিগঞ্জে কাবিখার একটি প্রকল্পে রাস্তার কাজের জন্য ৮০ মে.টন গম বরাদ্দ দেয়া হয় নলতার আব্দুল খালেক ঘোরামির একক নামে। সেই প্রকল্পের তিনি কোনো কাজ না করেই বসন্তপুর সরকারি গোডাউন থেকে গম তুলে তা আত্মসাৎ করেছেন। পুলিশ যে গম জব্দ করেছে এটা সেই বরাদ্দকৃত গম বলে তিনি দাবি করেন।

সাইফুল ইসলাম টুটুল আরও জানান, আব্দুল খালেক ঘোরামি কিছুদিন আগেও এলাকার বিভিন্ন বাড়িঘরের চাল তৈরির কাজ করতেন। তার অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ ছিল। স্থানীয় রাজনৈতিক নেতাদের ব্যবহার করে তিনি নানা প্রকার অপকর্ম করে এখন আঙুল ফলে কলাগাছ বনে গেছেন। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত