মাস্ক পরার নির্দেশনার বিরুদ্ধে আপিল ব্রাজিল প্রেসিডেন্টের

আপডেট : ২৭ জুন ২০২০, ১১:৪৭ এএম

জনসমাগমে গেলে অবশ্যই মাস্ক পরতে হবে বলে ব্রাজিল প্রেসিডেন্ট জাইর বলসোনারোকে দেশটির আদালত কয়েকদিন যে নির্দেশনা দিয়েছে তার বিরুদ্ধে আপিল করেছেন তিনি। একগুয়ে এই প্রেসিডেন্টের মতে, এই রুলিং ‘অহেতুক’।

সরকারের অ্যাটর্নি জেনারেল অফিস জানিয়েছে, যেহেতু ব্রাসিলিয়ায় মাস্ক পরাটা আগে থেকেই বাধ্যতামূলক তাই এই নির্দেশনার দরকার নেই।

অ্যাটর্নি জেনারেলে অফিসের একজন মুখপাত্র বার্তা সংস্থা এএফপিকে বলেন, “আদালতের এই হস্তক্ষেপ অপ্রয়োজনীয়।”

করোনাভাইরাস মহামারিকে শুরু থেকেই গুরুত্ব দিচ্ছেন না বলসোনারো। তার সরকারের উদাসীনতায় ব্রাজিল বর্তমানে করোনাভাইরাসের অন্যতম হটস্পট। আক্রান্ত-মৃত্যু উভয় তালিকাতেই শীর্ষ থাকা যুক্তরাষ্ট্রের পরেই তাদের অবস্থান।

ব্রাজিলে আক্রান্ত এরই মধ্যে ১২ লাখ ৭০ হাজার ছাড়িয়েছে, আর মৃত্যুর সংখ্যা ৫৬ হাজার ছুঁই ছুঁই। অথচ বলসোনারোর ভাষায় করোনা তেমন কোনো রোগ নয়, সামান্য ফ্লু জাতীয় সমস্যা।

নিজেই করোনাভাইরাস মোকাবিলায় সব ধরনের বিধিনিষেধের বিরোধী বলসোনারো। মিত্র যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মতো মাস্ক পরতে চরম অনাগ্রহী তিনি। যদিও বিশ্ব স্বাস্থ্য সংস্থাসহ বিশেষজ্ঞদের পরামর্শ, করোনা থেকে রেহাই পেতে মাস্ক পরতে হবে।

গত সোমবার বলসোনারোর মাস্ক পরা ছাড়া চলাফেরাতে ইতি টেনে দেয় ব্রাজিলের একটি আদালত। বিচারক রেনাতো বোরেল্লি এক নির্দেশনায় বলেন, লোক সম্মুখে আসার ক্ষেত্রে প্রেসিডেন্টকে অবশ্যই মাস্ক পরতে হবে। তা অমান্য করলে দিন প্রতি ২ হাজার রেইস (৩৮৭ ডলার) জরিমানা করা হবে।

নির্দেশনা বিচারক লিখেন, “দেশের প্রচলিত আইন মেনে চলার ব্যাপারে প্রেসিডেন্টেরও সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে।”

বলসোনারোর মাস্ক না পরার বিষয়টি যে আইনজীবী আদালতে তুলেছিলেন যুক্তি, ‘দায়িত্বজ্ঞানহীন আচরণের’ জন্য প্রেসিডেন্টকেও দায়বদ্ধতার আওতায় আনা উচিত।

আদালতের ওই নির্দেশনার পর সব ধরনের জনসমাগমে বলসোনারোকে মাস্ক পরা অবস্থায় দেখা গেছে। অবশ্য ব্রাসিলিয়াতে এপ্রিল থেকে মাস্ক পরা বাধ্যতামূলক। কিন্তু তা মেনে চলছিলেন না ব্রাজিল প্রেসিডেন্ট।

করোনাভাইরাস প্রতিরোধের নিয়মকানুনগুলো মেনে চলার তেমন বালাই নেই বলসোনারোর। চলমান সংকটের মধ্যেও রাজধানীতে রাজনৈতিক কার্যক্রমে দেখা যায় তাকে। তাতে সামাজিক দূরত্ব অমান্য করেন, মানুষের সঙ্গে হ্যান্ডশেক, কোলাকুলিও চালিয়ে যান। বারবিকিউ পার্টিসহ অনেক জনসমাগমে দেখা যায় তাকে।

অধিকাংশ সময় মাস্ক ছাড়াই দেখা যায় বলসোনারোকে। অবশ্য এখন পর্যন্ত এ জন্য জরিমানা গুনতে হয়নি তাকে।

তবে ব্রাসিলিয়ায় গত সপ্তাহে বলসোনারো বিরোধী মিছিলে মাস্ক পরা ছাড়া হাজির হওয়ায় ২ হাজার রেইস জরিমানা করা হয় সাবেক শিক্ষামন্ত্রী আব্রাহাম উইনস্টার্বকে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত