সরকার সাহসিকতার সঙ্গে করোনা পরিস্থিতি মোকাবেলা করছে: নৌ-প্রতিমন্ত্রী

আপডেট : ২৭ জুন ২০২০, ০৪:১৭ পিএম

সীমাবদ্ধতা সত্ত্বেও সরকার সাহসিকতার সাথে বর্তমান করোনাভাইরাস পরিস্থিতি মোকাবেলা করে যাচ্ছে জানিয়েছেন নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।

শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) উদ্যোগে অ্যাম্বুলেন্স সেবা চালুর উদ্বোধনের সময় তিনি এ কথা বলেন।

খালিদ মাহমুদ বলেন, করোনাভাইরাসের মহামারিতে পৃথিবীর অনেক উন্নত দেশ, যে দেশগুলো স্বাস্থ্য সেবায় সারা বিশ্বে নেতৃত্ব দেয় তাদেরও অসহায়ত্ব প্রকাশ করতে দেখা যায়।

‘অথচ আমাদের দেশের স্বাস্থ্যখাতের সক্ষমতার সীমাবদ্ধতার থাকা সত্ত্বেও সরকার সাহসিকতার সঙ্গে এই করোনাভাইরাস পরিস্থিতি মোকাবেলা করে যাচ্ছে’ যোগ করেন তিনি।

তিনি বলেন, অনেকে অনেক ধরনের সমালোচনা করেন, তিরস্কার করেন। বাস্তবতা হলো- ইউরোপসহ যুক্তরাষ্ট্র-রাশিয়ায় লাখ লাখ মানুষ শনাক্ত হচ্ছে, আবার হাজার হাজার মানুষ সেখানে প্রাণ হারাচ্ছে।

প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশে এক লাখ ৩০ হাজার মানুষের মধ্যে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে, সেখানে মৃত্যুর সংখ্যা দেড় হাজার। মৃত্যুর হার সেখানে ১.২৩ শতাংশ।

‘এটার মধ্য দিয়ে বুঝা যাচ্ছে- বাংলাদেশে করোনাভাইরাস পরিস্থিতি আমরা কীভাবে মোকাবেলা করে এগিয়ে যাচ্ছি’ যোগ করেন তিনি।

খালিদ মাহমুদ বলেন, করোনাভাইরাসকে নিয়ে রাজনীতি নয়। আজকে করোনাভাইরাসকে নিয়ে যে সকল রাজনৈতিক দল সমালোচনা করছেন বিশেষ করে বিএনপি।

তিনি বলেন, কিন্তু আমরা দেখতে পাচ্ছি করোনাভাইরাসের সংকটের শুরু থেকে বিএনপি দায়িত্বশীল ভূমিকা পালনে ব্যর্থতার পরিচয় দিচ্ছে। আমি মনে করি এই দায়িত্বশীল ভূমিকায় যারা ব্যর্থতার পরিচয় দেবে, তাদেরকে আগামী বাংলাদেশের মানুষ আস্তাকুড়ে নিক্ষেপ করবে।

এ সময় গণমাধ্যমকর্মীদের ছাঁটাই বন্ধ করার জন্য মালিকদের প্রতি আহ্বান জানিয়ে নৌ-প্রতিমন্ত্রী বলেন, বাংলাদের ইতিহাসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরে শেখ হাসিনা ছাড়া এমন গণমাধ্যম বান্ধব নেতা আর আছে বলে আমার মনে হয় না।

তিনি বলেন, শেখ হাসিনা সাংবাদিকদের কথা যেভাবে চিন্তা করেন, সকল শ্রেণি-পেশার মানুষের কথাও সেভাবে চিন্তা করেন। করোনাভাইরাসের এই মহামারিতে তিনি গণমাধ্যমকর্মীদের প্রণোদনার আওতায় নিয়ে এসেছেন।

খালিদ মাহমুদ বলেন, খুব দুঃখ জনক হলেও সত্য- অনেক বিত্তবান যারা অনেক বড় বড় গণমাধ্যম পরিচালনা করেন, তারা কোটি কোটি টাকা বিভিন্ন জায়গায় অনুদান হিসেবে দিচ্ছেন। কিন্তু সেই জায়গা থেকেও গণমাধ্যমকর্মীদের ছাঁটাই করা হচ্ছে।

ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজের) সভাপতি কুদ্দুস আফ্রাদের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম খান তপু, যুগ্ম-সাধারণ সম্পাদক খায়রুল আলম, সাংগঠনিক সম্পাদক জিহাদুর রহমান জিহাদ, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাংগঠনিক সম্পাদক হাবীবুর রহমান, অ্যাম্বুলেন্স মালিক কল্যাণ সমিতির সভাপতি গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক বাদল মাদবর।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত